সাভারে ১ হাজার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২১:০০

ইত্তেফাক রিপোর্ট

সাভারের আশুলিয়ায় অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো নামাপাড়া ও ঋষিপাড়া এলাকার প্রায় ১ হাজার বাড়ির অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। জানা গেছে, জিরাবোর ঐ দুই এলাকায় বেশ কয়েক জন প্রভাবশালী বিভিন্ন বাড়ির মালিকদের কাছ থেকে ৪০ থেকে ৫০ হাজার করে টাকা নিয়ে নিম্নমানের পাইপ দিয়ে অবৈধ গ্যাস-সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এতে বৈধ গ্রাহকরা গ্যাসের চাপ না পাওয়ায় তারা সাভার তিতাস গ্যাস অফিসে অভিযোগ জানান। তার পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। গতকাল দুই এলাকায় তিতাসের স্থানীয় ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত্ মো. সায়েমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।