কালিয়াকৈরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২১:০১

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনসহ তার ভাইদের নামে জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার ভাতারিয়া গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে মো. লেহাজ উদ্দিন বাদী হয়ে গাজীপুর পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এছাড়া সুবিচার পাওয়ার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে আবেদন করেছেন লেহাজ উদ্দিন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৮ নম্বর আটাবহ ইউনিয়নের ভাতারিয়া গ্রামের বাসিন্দা মো. লেহাজ উদ্দিন সাফকবলা দলিল মূলে চান্দরা মৌজাস্থিত ৭৪.৫০ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক হয়ে ঘরবাড়ি নির্মাণ ও গাছপালা রোপণ করে দীর্ঘ ৩০ বছর যাবত্ ভোগদখল করে আসছেন। জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে এক দল সন্ত্রাসী চার বছর আগে রাতের আঁধারে ঐ জমিতে নির্মিত লেহাজ উদ্দিনের পোলট্রি ফার্মের শেড ভেঙে ১০.২৫ শতাংশ জমি জবরদখল করেন। এ ঘটনায় ভুক্তভোগী লেহাজ উদ্দিন আনোয়ার গংদের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করলে তত্কালীন আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ আলীম স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করবেন বলে থানার অভিযোগপত্রটি ফেরত আনেন। পরে উভয় পক্ষের উপস্থিতিতে বিচারসভায় ফরায়েজ মোতাবেক প্রত্যেকের জমি পরিমাপ করে নালিশি বিষয়টি নিষ্পত্তি করে একটি প্রতিবেদন তৈরি করেন। এছাড়া বিচারকার্য পরিচালনায় আনোয়ার হোসেনকে লেহাজ উদ্দিনের জমিতে প্রবেশ করতে নিষেধ প্রদান ও এক সপ্তাহের মধ্যে কাঁটাতারের বেড়া সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু আনোয়ার গং সে নির্দেশ উপেক্ষা করলে লেহাজ উদ্দিন বাধ্য হয়ে গাজীপুর আদালতে মামলা দায়ের করেন।

এ ঘটনার পর কয়েক দিন আগে আনোয়ার গং ঐ একই কায়দায় একই মৌজাস্থিত লেহাজ উদ্দিনের আরো ২২ শতাংশ জমি জবরদখল করেন। এ ঘটনায় লেহাজ উদ্দিন বাদী হয়ে উপজেলার ভাতারিয়া এলাকার মৃত হাকিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন, চান মিয়া, আমিনুল ইসলাম, নজরুল ইসলাম, মাজহারুল ইসলামকে আসামি করে গাজীপুর পুলিশ সুপার বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপার বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়ে আবেদনটি কালিয়াকৈর থানায় পাঠিয়ে দিয়েছেন।

লেহাজ উদ্দিন বলেন, ‘থানায় অভিযোগ দায়েরের পর পুুলিশ ঘটনাস্থলে তদন্তে গেলে পুলিশের সামনেই আনোয়ার তাদের অকথ্য ভাষায় গালাগাল এবং মারতে তেড়ে আসে। এখন প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন আইন থানা পুলিশ তার কিছুই করতে পারবে না। ভয়ে আমরা পালিয়ে বেড়াচ্ছি। আমি নিরাপত্তা ও ন্যায়বিচার চাই।’ এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন বলেন, ‘সমবণ্টন অনুযায়ী লেহাজের ভোগদখলকৃত জমির মালিক আমরা। আমরা কারো জমি দখল করিনি।’

কালিয়াকৈর থানার উপ-পুলিশ পরিদর্শক ভজন কুমার রায় লেহাজ উদ্দিনের দায়েরকৃত অভিযোগপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তসাপেক্ষে আসামিদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।