পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছে দুই দিন ব্যাপী সার্কও’র (সার্ক আরবিট্রেশন কাউন্সিল বা SAARCO) গভর্নিং বোর্ডের ভার্চুয়াল মিটিং। সোমবার ও মঙ্গলবার (৫-৬ অক্টোবর) পাকিস্তানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০ টায়) ওই ভার্চুয়াল রেজিস্ট্রেশন সম্পন্ন হয় এবং বাংলাদেশ সময় সকাল ১১ টায় সভা শুরু হয়।
সভায় সার্কও’র গভর্নিং বোর্ডের সদস্য বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্ম-সচিব এ.এইচ.এম.হাবিবুর রহমান ভুঁইয়া অংশ নেন। এ সভায় টেকনিক্যাল টিমের সদস্য হিসেবে তার সাথে ছিলেন আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব জনাব শফিকুল ইসলাম ও প্রোগ্রামার জনাব নাজমুল করিম।
শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব এ.এম.জে.সাদিকের সভাপতিত্বে সার্কও’র ডিরেক্টর জেনারেল জনাব জাহিদুল্লাহ জালালি কাউন্সিলে বিভিন্ন কার্যক্রম বিষয়ে বর্ণনা করেন।
পরবর্তীতে কাউন্সিলের বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট ছিল মানব সম্পদ এবং কর্মকর্তা-কর্মচারী নিয়োগ সংক্রান্ত আলোচনার অংশটি।
এদিকে, যেহেতু সার্কের বর্তমান ডিজি জনাব জাহিদুল্লাহ জালালীর মেয়াদ ১২ অক্টোবর শেষ হবে বলে পর্যায়ক্রমিক হিসেবে এবার বাংলাদেশ থেকে উক্ত পদের জন্য আইন ও বিচার বিভাগ হতে একজন প্রার্থীর নাম পাঠানো হয়। এতে পাঁচটি সদস্য রাষ্ট্র ইতোমধ্যে এ বিষয়ে কোনো আপত্তি জানায় নি।
সেই সঙ্গে অন্যান্য সদস্য রাষ্ট্রসমূহকে অতিদ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে তাদের অভিমত পাঠাতে বাংলাদেশের পক্ষ হতে এবং সভার সভাপতির পক্ষ হতে অনুরোধ জানানো হয়েছে। পরবর্তী ডিজি যাতে সুচারুভাবে দায়িত্ব পালন করতে পারে এ জন্য SAARCO উপ-পরিচালক জনাব ফাজান মির্জার মেয়াদ ১ বছর বৃদ্ধির (৩০ ডিসেম্বর ২০২১ পর্যন্ত) বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আরও পড়ুন: ভারত-বাংলাদেশের উত্তরবঙ্গ রেল সংযোগের কাজ শেষ হচ্ছে ডিসেম্বরেই
সার্কভুক্ত অন্য সব দেশ এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রদর্শন করলেও ভারতের গভর্নিং বোর্ড সদস্য এর আপত্তির কারণে বিষয়টি সিলেকশন কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া SAARCO এর আগামী বাজেট বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। করোনা মহামারির কারণে SAARCO এর বাজেট সংকুচিত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
ইত্তেফাক/আরআই
