পথই যাদের ঠিকানা

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২১:১১

পথেই থাকা, পথই ঠিকানা। নিজের নামটা কে রাখল তাও জানে না? যার নাম পথশিশু। পথশিশুরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত। রাজধানীতে বেড়েই চলছে পথশিশুর সংখ্যা। দরিদ্রতা, বাবা-মায়ের বিচ্ছেদসহ নানা কারণে দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় এসে অবস্থান করে পথশিশুরা। ঠাঁই নেয় রেলস্টেশন, বাসস্টেশনসহ নানা জায়গায়। নিয়মিত তিন বেলা খেতে পারে না। খাবার সংগ্রহের জন্য কেউ কুলির কাজ করে, কেউ ভিক্ষা করে, কেউ আবার কাগজ, বোতল টোকায়। রেলস্টেশন, বাসস্টেশন, ফুটপাতে সর্বত্রই চোখে পড়ে সুবিধাবঞ্চিত এসব শিশু। তাদের পরনে নেই ভালো কাপড়। অপরিচ্ছন্ন থাকাটাই স্বাভাবিক। রাতে দল বেঁধে অনেকজন একসঙ্গে ঘুমায়। খেয়ে না খেয়ে দিন কাটে তাদের। এই বয়সে অন্যদের মতো খেলাধুলা, লেখাপড়ার ইচ্ছা থাকলেও সুযোগ নেই সুবিধাবঞ্চিত এই শিশুদের। পথশিশুদের পুনর্বাসনে সরকারের নজরদারি বিশেষভাবে বাড়াতে হবে। এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকেও।

বাদশাহ আবদুল্লাহ, কাপাসিয়া, গাজীপুর