চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন দলের মধ্যে বিএনপি-জামায়াতের কর্মীর অনুপ্রবেশ ঘটলে তাদের চিহ্নিত করে নগর আওয়ামী লীগের কাছে তালিকা জমা দেওয়ার জন্য তৃণমূল কমিটিকে নির্দেশনা দিয়েছেন। তিনি গতকাল মঙ্গলবার নগরীর শমসেরপাড়া হাজি চাঁন মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চান্দগাঁও ওয়ার্ডের আওতাধীন ‘বি’ ইউনিট আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় এই নির্দেশনা দেন।
নাছির বলেন, দলের মধ্যে কোনো স্বাধীনতাবিরোধী, বিএনপি বা জামায়াত শিবিরের কেউ যাতে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য তৃণমূল নেতাকর্মীদের শ্যেনদৃষ্টি নিয়ে কাজ করতে হবে। দলের মধ্যে ঢুকে গিয়ে এরাই নানা বিভ্রান্তি, মতভেদ সৃষ্টি করছে। দলকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। দলের ভাবমূর্তি বিনষ্ট করছে। বিতর্কিত অনেকেই দলের সদস্যপদ নিয়েছেন। তাদের চিহ্নিতকরণে তৃণমূল নেতাকর্মীদেরই ভূমিকা রাখতে হবে।
‘বি’ ইউনিট আওয়ামী লীগের সভাপতি শামসুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, উপপ্রচার সম্পাদক শহীদুল আলম, ‘বি’ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান জামাল প্রমুখ।
