মজিবুর রহমান মোল্লা, নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার নাঙ্গলকোটে এলজিইডির অধীনে থাকা বিভিন্ন সড়কের বেশ কয়েকটি ব্রিজ-কালভার্ট ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ২০-২৫ বছর আগে নির্মাণ হওয়া এসব ব্রিজ-কালভার্টের অধিকাংশেরই রেলিং নেই। কোথাও স্টিলের পাত, সিমেন্টের ঢালাই, কাঠ ফেলে কোনো ভাবে যানবাহন ও যাত্রীদের যাতায়াতের উপযোগী করে রাখা হয়েছে। আবার কোনো কোনো ব্রিজের ওপর দিয়ে যানবাহন চলাতো দূরের কথা, হেঁটে যাতায়াত করারও ব্যবস্থা নেই। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এ উপজেলার হাজার হাজার মানুষকে। সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ডাকাতিয়া নদী বেষ্টিত উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন সড়কে চারটি ব্রিজ ও জোড্ডা পশ্চিম ইউনিয়নের বিভিন্ন সড়কে তিনটি ব্রিজ সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত ব্রিজ ও কালভার্টগুলো দিয়ে ছোট-বড় যানবাহনকে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। উত্তর সাতবাড়িয়া গ্রামের রমজান আলী, কবির আহম্মেদসহ একাধিক বাসিন্দা জানান, গত প্রায় দুই বছর থেকে উত্তর সাতবাড়িয়া ও নাইয়ারা ব্রিজ দিয়ে কোনো ভাবে যানবাহন এবং এলাকাবাসীকে ঝুঁকি নিয়ে যাতাযাত করতে হচ্ছে। ব্রিজগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় যে কোনো মুহূর্তে দুর্ঘটনায় জীবনহানির আশঙ্কা রয়েছে। তারা দ্রুতি ব্রিজগুলোর পুনঃনির্মাণের দাবি জানান।
উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, উপজেলার বক্সগঞ্জ-কাবিলাখালী-সাতবাড়িয়া সড়কে সাতবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ব্রিজ, সাতবাড়িয়া-মন্নারা সিজিয়ারা-শিহর বাজার সড়কে ডাকাতিয়া নদীর ওপর সাতবাড়িয়া ও নাইয়ারা ব্রিজ, সাতবাড়িয়া-রঘুনাথপুর বাজার তপোবন সড়কে খালের ওপর ব্রিজ, মলংচর-বাসডাঙ্গা-বৈরাগী সড়কে খালের ওপর (বাসডাঙ্গা) ব্রিজ, আদ্রা ইউপির মানিকমুড়া বাজার-ঘোড়াময়দান সড়কে খালের ওপর ঘোড়াময়দান ব্রিজ, নাঙ্গলকোট জিসি-লুদুয়া আরএইচডি খালের ওপর লুদুয়া পেট্রোল পাম্প সংলগ্ন ব্রিজ, বাইয়ারা-মানিকমুড়া সড়কের দুয়ারিয়া নামকস্থানে খালের ওপর ব্রিজ, একই সড়কে এক কিলোমিটারের মধ্যে আরেকটি ব্রিজ, ঢালুয়া-চান্দগড়া- চডিয়াবাজার সড়কে চাঁন্দগড়া ব্রিজ ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে।
এদিকে, উপজেলার মাহিনী-লক্ষিপদুয়া সড়কের তালতলা কালভার্ট, বটতলী ইউনিয়নের বটতলী-রাজারবাগ সড়কের কালভার্ট, মান্নারা-ভবানিপুর সড়কে খালেক মেম্বার বাড়ি সংলগ্ন কালভার্টসহ ৮-১০টি কালভার্ট দীর্ঘদিন থেকে ভেঙে যাওয়ায় যানবাহনসহ এলাকাবাসীকে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলজিইডির উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. আশরাফুল হক বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে কয়েকটি ব্রিজ-কালভার্ট ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি আমরা অবগত আছি। গ্রামীণ সড়কে ১০০ মিটার ব্রিজ নির্মাণ প্রকল্পের আওতায় ব্রিজ-কালভার্টগুলো নির্মাণের জন্য প্রাক্কলন ব্যয় তৈরি করে এলজিইডি প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।
