চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চন্দনাইশে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের মানুষের ভরসা সবজির বাজারও এখন নাগালের বাইরে। বেড়েই চলেছে সবজির দাম। ফলে নিম্নআয়ের লোকজন দিশেহারা হয়ে পড়েছেন।
স্থানীয় কৃষকরা জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে অধিকাংশ সবজিখেত নষ্ট হয়ে গেছে। যার ফলে বাজারে এখন সবজির দাম বেশি। সরেজমিনে দেখা গেছে, উপজেলার দোহাজারী রেল স্টেশন মাঠে প্রতিদিনের পাইকারি সবজি বাজারে আগের মতো কোনো সবজি নেই। আগে মাঠ সবজিতেই ছিল ভরপুর। বৃষ্টিতে সবজিখেতের ক্ষতি হওয়ায় আগের অর্ধেকের চেয়ে কম সবজি বাজারে আসছে। যার কারণে দাম দ্বিগুণ। এ বাজারে ঝিঙা ৬০, বরবটি ৬৫, আলু ৪০, করলা ৫০, মুলা ৫০ ও বেগুন ৬০ টাকায় বিক্রি করা হচ্ছে। যা আগের তুলনায় কেজিপ্রতি ১০/১৫ টাকা বেশি। এছাড়াও কাঁচা মরিচও এখন প্রতি কেজি ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। চন্দনাইশ সদর বাজারে সবজি কিনতে আসা আহমদ হোসেন বলেন, বাজারে সবজির যা দাম তাতে সংসারের চাহিদা অনুযায়ী বাজার করা কঠিন হয়ে পড়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানি সরকার জানান, বৃষ্টিতে সবজিখেতের ব্যাপক ক্ষতি হয়েছে। যার কারণে উত্পাদন কম হওয়ায় দাম একটু বেশি। কৃষকরা নতুনভাবে সবজি চাষাবাদ শুরু করেছেন। কয়েক দিনের মধ্যে নতুন সবজি বাজারে আসলে দাম কমে যাবে বলে জানান তিনি।
