বরিশাল অফিস
বরিশালে সাতটি ওষুধের দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ হেফাজতে রাখা এবং বিক্রির দায়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরূপম মজুমদারের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন। এ সময় নগরীর বান্দ রোডের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে কাজী মেডিসিন থেকে ২০ হাজার, আহসান ব্রাদার্স থেকে ১৫ হাজার, তুহিন মেডিক্যাল হল থেকে ১০ হাজার, ওষুধ বিতান থেকে ১৫ হাজার, লিমন মেডিক্যাল হল থেকে ৪০ হাজার, শামীম মেডিক্যাল হল থেকে ২৫ হাজার এবং খান মেডিসিন হাউজ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
