দেশে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ঢাকা বিভাগে। আর ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩০ জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৪০৫ জনে দাঁড়াল। এর মধ্যে ২ হাজার ৭২৯ জন ঢাকা বিভাগের, ১ হাজার ৯৬ জন চট্টগ্রাম বিভাগের, ৪৪২ জন খুলনা বিভাগের, ৩৫৫ জন রাজশাহী বিভাগের, ২৪৬ জন রংপুর বিভাগের, ২৩৪ জন সিলেট বিভাগের, ১৯১ জন বরিশাল বিভাগের এবং ১১২ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত ১ হাজার ৪৯৯ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ৬৩১ জন হল। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৬৫১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৮৪ হাজার ৮৩৩ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০৯টি ল্যাবে ১২ হাজার ৩৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২০ লাখ ১৩ হাজার ৭৭৬ নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ১৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
