বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের ব্যাপারে মিয়ানমারের সঙ্গে আলোচনা করেছে ভারত। ভারতের দ্য প্রিন্ট অনলাইনের এক খবরে এই দাবি করা হয়েছে।
খবরে বলা হয়েছে, গত সোমবার মিয়ানমার ও বাংলাদেশের প্রতিবেশী ও অংশীদার দেশ হিসেবে ভারত এই বিষয়টি উত্থাপন করেছে। সোমবার মিয়ানমারে দুই দিনের সফর শেষ করেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ও সেনাপ্রধান জেনারেল এম এম নরাভানে। ঐ সফরে রোহিঙ্গা ইস্যুতে বিস্তারিত আলোচনা হয়। অতি সম্প্রতিকালে এ ধরনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মিয়ানমারে পাঠায়নি ভারত।
সফরকালে ভারতের পররাষ্ট্র সচিব ও সেনাপ্রধান মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি ও সেনাপ্রধান মিন অং হ্লেইংয়ের সঙ্গে সাক্ষাত্ করেন। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ভারত এখন বাংলাদেশ ও মিয়ানমারের ঘনিষ্ট বন্ধু প্রতিবেশী ও অংশীদার। রাখাইন রাজ্যে স্থিতিশীল পরিস্থিতিতে ভারতের গভীর স্বার্থ নিহিত রয়েছে। ভারত মিয়ানমারকে বলেছে, বর্তমান পরিস্থিতির গুরুত্ব দিল্লি সম্পূর্ণভাবে বুঝতে পারছে। বাস্তুচ্যুত মানুষদের মানবিক সহায়তা ও প্রত্যাবাসনের ব্যাপারে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবাসনের প্রশ্নে বাংলাদেশ ভারতের সাহায্য চাওয়ার সপ্তাহ খানেকের মধ্যেই ভারতের পররাষ্ট্র সচিব ও সেনাপ্রধান এক সঙ্গে এক বিরল সফরে মিয়ানমারে যান।
সফরকালে ভারতের প্রতিনিধিরা রাখাইনে চলমান উন্নয়ন প্রকল্প, সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়েও কথা বলেন।
