রাজশাহীতে বিচারককে হুমকি দিয়ে আদালতের কার্যক্রম বন্ধ করে দেওয়ার অভিযোগ

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২২:৫৩

রাজশাহীতে এক আইনজীবীর বিরুদ্ধে নথি পরিদর্শন নিয়ে সিদ্ধান্ত মনঃপুত না হওয়ায় বিচারককে হুমকি দিয়ে আদালতের কার্যক্রম বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাজশাহীর বাগমারা সহকারী জজ আদালতে গত সোমবার এই ঘটনা ঘটে। এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের বিচারক মারুফ আল্লাম গতকাল মঙ্গলবার রাজশাহী জেলা ও দায়রা জজ বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, সম্প্রতি বাগমারা সহকারী জজ আদালতে নথি পরিদর্শন নিয়ে বেশ কিছু সমস্যা হচ্ছিল। নথিতে কাটাছেঁড়া, নথির পাতা গায়েব হওয়া, কজলিস্টের পাতা ছিঁড়ে নেওয়া এ ধরনের বেশকিছু সমস্যার পরিপ্রেক্ষিতে বাগমারা সহকারী জজ আদালতের বিচারক মারুফ আল্লাম নিয়ম করেন, নথি পরিদর্শন করার সময় আদালতের কোনো একজন স্টাফকে সঙ্গে রাখতে হবে। নিয়ম মোতাবেক সোমবার আদালতের কার্যক্রম চলাকালে রাজশাহী আইনজীবী সমিতির একজন সদস্য অ্যাডভোকেট আলী আকবর প্রামাণিক আদালতের বিচারকের উপস্থিতিতে বেঞ্চ সহকারীর কাছে নথি চান।