অনিশ্চিত হয়ে পড়েছে সিলেটের অর্ধশতাধিক প্রবাসীর নির্ধারিত সময়ে বিদেশ যাত্রা। করোনা টেস্টের রিপোর্ট জটিলতায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বুধবার ও বৃহস্পতিবারে বিদেশগামী বিমানযাত্রীরা মঙ্গলবার সিলেট সিভিল সার্জন কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন। তবে ত্রুটি এখনও চিহ্নিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সিলেটের জেলা প্রশাসক ও করোনা ভাইরাস প্রতিরোধে গঠিত জেলা কমিটির সভাপতি এম কাজী এমদাদুল ইসলাম রাতে ইত্তেফাককে বলেন, তিনি এ সমস্যা সম্পর্কে অবগত হয়েছেন । আবার রাতেই প্রবাসীদের নমুনা নেওয়াার ব্যবস্থা হয়েছে। আশা করি সমাধান হবে।
এদিকে সূত্র জানায়, গত তিনদিন ধরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় প্রবাসী যাত্রীদের করোনার সনাক্তের রিপোর্ট ভুল আসছে। এই ল্যাব থেকে তিন ধরে আসা ৫৮ জনের রিপোর্টে কারোরই নেগেটিভ বা পজিটিভ রিপোর্ট আসেনি।
মঙ্গলবার রাতে সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল সংবাদ মাধ্যমকে জানান, রিপোর্ট ভুল আসা বিদেশ যাত্রীদের রাত ৯টায় সিভিল সার্জন কার্যালয়ে এসে নমুনা জমা দিতে বলা হয়েছে। রাতে নমুনা সংগ্রহ করে বুধবার সকালের মধ্যে তাদের রিপোর্ট প্রদান করা হবে। ফলে বিদেশ যাত্রায় কোনো বিঘœ ঘটবে না।
অপর সূত্র সিভিল সার্জনের বরাত দিয়ে জানিয়েছে, স্বাস্থ্যকর্মীরা ৮ মাস ধরে নমুনা সংগ্রহ করছেন অথচ তাতে কখনো ভুল হয়নি। মঙ্গলবার মেডিকেল কলেজের অধ্যক্ষ নমুনা সংগ্রহ পর্যবেক্ষণ করেছেন। বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হক বলেন, তাদের ল্যাবে এ পর্যন্ত ৩৮ হাজারের বেশি নমুনা পরীক্ষা হয়েছে, কিন্তু এমনটি হয়নি। ইতিমধ্যে ল্যাবের সংশ্লিষ্টদের সমস্যা বের করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে বিদেশগামী কয়েকজন জানালেন, রাতের মধ্যে নমুনা সংগ্রহ করে কাল দুপুরের মধ্যে সঠিক রিপোর্ট দিলেও অনেকেরই ফ্লাইট মিস হবে।
ইত্তেফাক/এসি
