প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলা বাতিল প্রশ্নে জারিকৃত রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। আগামী ৮ অক্টোবর ঐ রুলের ওপর রায় ঘোষণার জন্য দিন ধার্য রাখা হয়েছে। রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার রায়ের জন্য ঐ দিন ধার্য করে দেন।
২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষণের শিকার হয়ে চিকিত্সাধীন এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে সাতক্ষীরায় যান তত্কালীন বিরোধীদলীয় নেতা, আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে সড়ক পথে ঢাকায় ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
