ধর্ষণচেষ্টার বিচার চাইতে নাতনিকে নিয়ে নরসিংদী থেকে ঢাকায় দাদা

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ০০:১৯

এক মাস আগে ঘটে যাওয়া ধর্ষণচেষ্টার বিচার চাইতে নাতনিকে নিয়ে ঢাকায় এসেছেন দাদা। তিনি বলেন, এ বিষয়ে নরসিংদীর শিবপুর মডেল থানায় মামলা করা হলেও পুলিশের কোনো তত্পরতা দেখা যায়নি। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে দাদা-নাতনি দাঁড়িয়ে এ ঘটনার সুষ্ঠু বিচার চান।

শিশুটির দাদা বলেন, ‘আমার নাতনি (৮) ক্লাস টু-তে পড়ে। আমার ছেলে প্রবাসী। তার বাবা-মায়ের বিচ্ছেদ হওয়ায় সে আমার কাছেই থাকে। আমার এক প্রতিবেশী ভাতিজা শামীম ভুঁইয়া গত ৩ সেপ্টেম্বর দুপুরে আমার নাতনিকে পেয়ারার লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। আমার ছোট বোন বিষয়টি দেখে এগিয়ে গেলে শামীম পালিয়ে যায়। এরপর নরসিংদী সদর হাসপাতালে নিয়ে নাতনির চিকিত্সার ব্যবস্থা করি।’

এ বিষয়ে মামলাটির তদন্ত কর্মকর্তা শিবপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর আলমগীর হোসেন বলেন, তদন্ত চলছে। আসামি পলাতক আছে।