সাত মাস বন্ধ থাকার পর গত ৪ অক্টোবর থেকে পুনরায় পবিত্র ওমরাহ শুরু হয়েছে। সীমিতভাবে কেবল সৌদি আরবে বসবাসরতরা এই ওমরাহ করার সুযোগ পাচ্ছেন। তৃতীয় ধাপে ১ নভেম্বর থেকে বিদেশিদের জন্য ওমরাহ করার সুযোগ উন্মুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। সৌদি আরব করোনা ভাইরাসের কারণে এখনো বাংলাদেশ থেকে ওমরাহ পালনের অনুমতি দেয়নি। তবে কিছু হজ এজেন্সি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দিষ্ট দিন উল্লেখ করে পবিত্র ওমরাহ পালনের বিজ্ঞাপন দিচ্ছে। এ ধরনের প্রচারণা চালালে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
গতকাল মঙ্গলবার এক জরুরি বিজ্ঞপ্তিতে সৌদি আরবের ঘোষণার আগেই কেউ যাতে ওমরাহ হজের জন্য কোনো এজেন্সি বা ব্যক্তির সঙ্গে লেনদেন না করেন সেই অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯-এর কারণে রাজকীয় সৌদি সরকার থেকে পবিত্র ওমরাহ পালনের কোনো আনুষ্ঠানিক পত্র এখন পর্যন্ত পাওয়া যায়নি। এরপরও কতিপয় ব্যক্তি ও কিছু এজেন্সি ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দিষ্ট দিন উল্লেখ করে পবিত্র ওমরাহ পালনের বিজ্ঞাপন দিচ্ছে। এতে ধর্মপ্রাণ সাধারণ মুসলিম জনসাধারণের প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে এ ধরনের কর্মকাণ্ডর কারণে বিধি মতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
