চলমান বিশ্ব শিক্ষা সপ্তাহে সবার জন্য উচ্চতর ও উন্নতমানের শিক্ষা প্রসারে সর্বোত্তম কাজের স্বীকৃতিস্বরূপ বিশ্বব্যাপী ১০০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে জায়গা করে নিয়েছে ব্র্যাকের তিনটি স্কুল। শিক্ষকদের উন্নয়নে কাজ করা আন্তর্জাতিক ফোরাম ‘টি-ফোর’ আয়োজিত এক ইভেন্টে এই ঘোষণা আসে। কোভিড-১৯ মহামারির কারণে ৫ থেকে ৯ অক্টোবর ডিজিটাল মাধ্যমে শিক্ষা সপ্তাহ উদ্যাপন করা হচ্ছে। নির্বাচিত স্কুলগুলো এই সময়ের মধ্যে অনুষ্ঠানের আয়োজন করবে এবং তা বিশ্ব জুড়ে প্রচারিত হবে।
বিশ্ব শিক্ষা সপ্তাহের জন্য নির্বাচিত তিনটি স্কুল হচ্ছে সুনামগঞ্জের তাহিরপুরের হাওর এলাকায় ভাটি জামালগড়ে ব্র্যাকের শিক্ষা তরি (বোট স্কুল), নেত্রকোনার কান্দাপাড়া পশ্চিম ব্র্যাক প্রাথমিক বিদ্যালয় এবং সুনামগঞ্জের সাউদেরশ্রী ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়। গতকাল ব্র্যাকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উদ্বোধনী দিনে সোমবার সুনামগঞ্জে ব্র্যাকের শিক্ষা তরিতে (বোট স্কুল) এ উপলক্ষ্যে ১ ঘণ্টার অধিবেশন হয়। ১ ঘণ্টার এই অধিবেশনের শিরোনাম ছিল ‘জলবায়ু পরিবর্তনের নিরিখে স্কুলগুলোকে আরো প্রাণোচ্ছল করে তোলা’। প্রত্যন্ত অঞ্চলে বাচ্চাদের শিক্ষিত করার জন্য একটি অনন্য উদ্ভাবন এই নৌকা স্কুল। বর্তমানে সারা দেশের ১৬টি জেলার নিচু এলাকায় মোট ৬০০টি নৌকা স্কুল চালু রয়েছে।
সোমবার এই ডিজিটাল অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক অধ্যাপক মাহবুবা নাসরিন, ব্র্যাক শিক্ষা কর্মসূচির পরিচালক ড. সফিকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের পরিচালক নবনীতা চৌধুরী।
বক্তারা বলেন, এই নৌকা স্কুলের ধারণা জলবায়ু পরিবর্তনের দ্বারা প্রভাবিত বিশ্বে শিক্ষার প্রসারে সহায়তা করতে পারে। নৌকা স্কুলের শিক্ষার্থীদের পাঁচ বছরের প্রাথমিক শিক্ষা চার বছরেই সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন তারা।
