স্কুলছাত্রী, গৃহবধূ ও প্রতিবন্ধীসহ আরো ১০ শিশু ও নারীকে ধর্ষণ-নির্যাতনের অভিযোগ উঠেছে। এছাড়া তিন তরুণ বলাৎকারের শিকার হয়েছে। এসব ঘটনায় গত ২৪ ঘণ্টায় দেশের ১০ জেলায় ১৩ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটকদের মধ্যে মাদ্রাসা শিক্ষক থেকে শুরু করে ৭৪ বছর বয়সি বৃদ্ধও রয়েছেন।
জানা গেছে, এসব ধর্ষণ-নির্যাতনের ঘটনাগুলোর মধ্যে কয়েকটি বেশ কিছুদিন আগে ঘটলেও ভুক্তভোগীরা সম্প্রতি মামলা করেছেন। মূলত সিলেট ও নোয়াখালীর ধর্ষণ-নির্যাতন কাণ্ডে সারা দেশ প্রতিবাদমুখর হওয়ায় ভুক্তভোগীরা মুখ খুলতে শুরু করেছেন। এতে চাপা পড়ে যাওয়া অনেক ঘটনা সামনে চলে আসছে।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া জেলেপাড়া এলাকায় পঞ্চম শ্রেণিতেপড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করেছে তারই আপন চাচাতো ভাই। সোমবার রাতে এ ঘটনা ঘটে। আহত ছাত্রীকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সোনারগাঁও থানায় ধর্ষণ মামলা করেছেন ছাত্রীটির পিতা। ঘটনার পর থেকে অভিযুক্ত রাব্বি (২২) পলাতক রয়েছে। সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম জানান, আসামিকে ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে ।
চট্টগ্রাম অফিস জানায়, উত্ত্যক্তের কারণে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েও রেহাই পায়নি এক তরুণী। পরে গত ২৮ জুলাই ঘর থেকে জোরপূর্বক তুলে নিয়ে এক মাস আটকে রেখে তাকে ধর্ষণ করে বখাটে এক যুবক। গত সোমবার রাতে র্যাব অভিযান চালিয়ে আশিকুর রহমান নয়ন (২৫) নামে ঐ বখাটেকে গ্রেফতার করে। আশিকুর আনোয়ারা উপজেলার মধ্যম গহিরা গ্রামের ফোরকান মিয়ার ছেলে। র্যাব-৭ এর সহকারী পরিচালক মাশকুর রহমান জানান, স্কুলছাত্রীর মা সম্প্রতি র্যাব অফিসে এসে লিখিত অভিযোগ করেন। ভয়ে এতদিন তারা কোনো অভিযোগ করেননি।
এদিকে একই রাতে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের আবুরখীল গ্রাম থেকে শিশু ধর্ষণের অভিযোগে ৭৪ বছর বয়সি এক বৃদ্ধকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত সাধন বড়ুয়া একই এলাকার জামিনী বড়ুয়ার পুত্র। রাঙ্গামাটি থেকে বাবার সঙ্গে বেড়াতে আসা ১১ বছর বয়সি শিশুটিকে ফুঁসলিয়ে নিয়ে গত বৃহস্পতিবার ধর্ষণ করেন সাধন বড়ুয়া। ঘটনা জানাজানির পর শিশুটির বাবা বাদী হয়ে গত সোমবার রাউজান থানায় মামলা করেন।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, মিরপুর উপজেলার অন্তর্গত পোড়াদহ এলাকায় এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে সিরাজুল ইসলাম দারুল উলুম মরিয়ম নেছা মহিলা আবাসিক মাদ্রাসার সুপার আব্দুল কাদেরকে পুলিশ গ্রেফতার করেছে। ধর্ষণের শিকার ঐ ছাত্রীর পিতা সোমবার মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে রাতেই তাকে গ্রেফতার করে।
বান্দরবান প্রতিনিধি জানান, জেলা সদরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণকারী জামাল হোসেন (২৫) নামের এক যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। সোমবার রাতে এ ঘটনা ঘটে। তার বাড়ি পটুয়াখালীর দশমিনায়। তবে দীর্ঘদিন ধরে সে বান্দরবান পৌরসভার ওয়াপদা ব্রিজ এলাকায় বসবাস করছে। কিছুদিন আগের এই ধর্ষণের ঘটনায় প্রতিবন্ধী নারীটি অন্তঃস্বত্তা হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়।
কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলায় পঞ্চম শ্রেণিতেপড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন ঐ কিশোরীর মা। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মঙ্গলবার সকালে অভিযুক্ত আব্দুল্লাহ মণ্ডলকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, গণধর্ষণের শিকার এক বিধবা (৩৮) নারী সোমবার বিকেলে রামগতি থানায় মামলা করেছেন। শনিবার রাতে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর কলাকোপা এলাকায় নিজ বসতঘরে ঐ নারী গণধর্ষণের শিকার হন। এ ঘটনায় দায়ের করা মামলায় পাঁচ জনকে অভিযুক্ত করা হয়। অভিযুক্তদের মধ্যে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো—উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের চরকলাকোপা এলাকার আবুল কালামের ছেলে মো. সোহেল (২৭) এবং একই এলাকার ছৈয়দ আহাম্মদের ছেলে মো. জামাল (২৭)।
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা জানান, তালাকে রাজি না হওয়ায় অন্যদের দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে র্যাব ভুক্তভোগীর স্বামী সুজন মিয়া (৩৫), কথিত ধর্ষক নুরনবী (৪০) ও ধর্ষণে সহায়তাকারী রাজিয়া বেগমকে (৩৫) গ্রেফতার করেছে। রবিবার রাতে জামালপুর সদর উপজেলার দিগপাইত ও মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বরগুনা (উত্তর) প্রতিনিধি জানান, সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের রায়ের তবক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) সোমবার দুপুরে সুপারি দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে কদম মোল্লা (৬২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঐ রাতেই কদম মোল্লাকে গ্রেফতার করে পুলিশ।
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা জানান, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে (২১) জোর করে মুখ বেঁধে তুলে নিয়ে ঘরে আটকে রেখে নির্যাতন করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকালে ঐ নারী এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গত ২৫ সেপ্টেম্বর উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে।
বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষকসহ গ্রেফতার ২
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা জানান, উপজেলার দারুল আরকান তাহফিজুল কুরআন মাদ্রাসার দুই ছাত্রকে বলাৎকার করেছেন ঐ মাদ্রাসার প্রধান শিক্ষক। এ ঘটনায় এক ছাত্রের পিতা বাদী হয়ে গত সোমবার ছাগলনাইয়া থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত শিক্ষক হাফেজ আবু নাছেরকে (২৬) আটক করে জেলহাজতে পাঠিয়েছে।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, বলাৎকারের অভিযোগে রানা তালুকদার নামের এক যুবককে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। গত সোমবার বিকেলে কাঁচপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/ইউবি
