রামগতিতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১০:০০

লক্ষ্মীপুরের রামগতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কালাম (৪৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার চরআলগী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের দক্ষিণ আলগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আলমগীর হোসেন নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত আবুল কালাম ওই এলাকার মফিজ মাস্টারের বাড়ির ফয়েজ আহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানান, নদীভাঙনের হুমকিতে পড়ায় ওই এলাকার সফিক উদ্দিন নামের এক ব্যক্তির একটি জরাজীর্ণ বসতঘর ভেঙে অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ চলছিল। একাজে নিয়োজিত শ্রমিক আবুল কালাম ও আলমগীর বসতঘরের একটি টিনের চালা নিয়ে যাচ্ছিলেন। এসময় সড়কের পাশে একটি দোকান ঘরের তারের সাথে অসাবধানতাবশত ওই টিনের চালা বিদ্যুতায়িত হয়। এতে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং আলমগীর গুরুতর আহত হন। পরে স্বজনরা আলমগীরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

চরআলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন লিটন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআরএম