করোনা নিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ‘বিভ্রান্তিকর পোস্ট’এর বিরুদ্ধে এবার ব্যবস্থা নিলো ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষ। করোনা নিয়ে ট্রাম্পের শেয়ার করা তথ্যে বিধি লঙ্ঘন হয়েছে ফেসবুক এবং টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে ।
ট্রাম্প ফেসবুকে জানিয়েছিলেন যে করোনা ফ্লু-এর মতোই। ইতিমধ্যেই ফেসবুক ট্রাম্পের ওই পোস্টটিকে মুছে দিয়েছে। তবে তার আগেই ওই পোস্টটি ২৬,০০০ বার শেয়ার করা হয়েছে বলে জানিয়েছে ফেসবুক। সংস্থার এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, আমরা করোনা সংক্রান্ত যাবতীয় ভুল তথ্য মুছে ফেলি।
সাধারণত ফেসবুক রাজনীতিবিদদের থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম থেকে ছাড় দেয়। আবার মার্কিন রাষ্ট্রপতির পোস্টের বিরুদ্ধেও খুব কম পদক্ষেপ নিতে দেখা যায় ফেসবুককে। কিন্তু এবার সেটাই করল বিশ্বের বৃহত্তম সোশ্যাল মিডিয়া সংস্থা।
তবে এই প্রথম না, এর আগেও অগস্ট মাসে করোনভাইরাস নিয়ে ভুল তথ্য দেওয়ার জন্য ট্রাম্পের পোস্ট সরিয়ে দিয়েছিল ফেসবুক। সেই পোস্টে একটি ভিডিও শেয়ার করে ট্রাম্প জানিয়েছিলেন, শিশুরা শিশুদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় নেই।
এদিকে টুইটারেও ট্রাম্প করোনাকে ফ্লু-এর মতো দাবি করে পোস্ট করেছিলেন। তবে ইতোমধ্যে সেটিকে হাইড করে রেখেছে টুইটার। পাশাপাশি ট্রাম্পের ওই পোস্টে সতর্কতা লেবেল জুড়ে দিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার।
হাসপাতালে তিন দিন চিকিৎসার পর গত সোমবার হোয়াইট হাউসে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ফিরেই নিজের মাস্ক খুলে ফেলে তিনি জানান, খুব শীঘ্রই নির্বাচনী প্রচারে অংশ নেবেন। পাশাপাশি ট্রাম্প টুইট করেন ‘করোনাকে নিয়ে ভয় পাবেন না।’
ইত্তেফাক/এআর
