নড়াইলের কালিয়ায় প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করার প্রলোভন দেখিয়ে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে গত প্রায় ৬ মাস ধরে লাগাতার ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের ফলে ওই ছাত্রী এখন ৪ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
প্রতারক প্রেমিক বিয়ে করতে রাজি না হওয়ায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে প্রতারক জাহিদুলের নামে কালিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। জাহিদুল উপজেলার কালডাঙ্গা গ্রামের জলিল শেখের ছেলে।
মামলার সূত্রে জানা যায়, স্থানীয় কোন্দলের কারণে মামলায় জড়িয়ে ওই ছাত্রীর বাবা ও ভাইয়েরা প্রায়শই বাড়ির বাইরে থাকার সুযোগে জাহিদুল তার পার্শ্ববর্তী গ্রামের ওই ছাত্রীর সাথে প্রায় ৬ মাস আগে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং তাকে বিয়ে করার প্রলোভন দিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছে। এরই মধ্যে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ছাত্রীর পরিবার ঘটনাটি জানতে পেরে জাহিদুল ও তার পরিবারকে বিয়ের জন্য চাপ দিলে জাহিদুল বাড়ি থেকে পালিয়ে যায়। পরে ধর্ষিতার বাবা প্রতারক ধর্ষককে আসামি করে গত ৪ অক্টোবর কালিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেছেন, ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। পলাতক ধর্ষককে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এমআর
