মির্জাপুরে চার বাস স্টেশনে ওভার ব্রিজ না থাকায় বাড়ছে দুর্ঘটনা

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১২:০০

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু জাতীয় মহাসড়কের মির্জাপুর উপজেলার চারটি বাস স্টেশন এলাকায় ওভার ব্রিজ নির্মাণ না হওয়ায় হাজার হাজার মানুষ অত্যন্ত ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে। এতে বাড়ছে সড়ক দুর্ঘটনা। বুধবার মহাসড়কের চারটি বাস স্টেশনে গিয়ে দেখা গেছে এমন চিত্র।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু জাতীয় মহাসড়ক একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। এই মহাসড়ক দিয়ে টাঙ্গাইল, জামালপুর, শেরপুর ও উত্তরাঞ্চলের ২২ টি জেলার ১২০ রোডের হাজার হাজার যানবাহন প্রতিনিয়ত চলাচল করে।

মহাসড়কের ওভার ব্রিজ নির্মাণ না হওয়ায় মির্জাপুর উপজেলার ঝুঁকিপূর্ণ বাস স্টেশন হচ্ছে মির্জাপুর ক্যাডেট কলেজ বাস স্টেশন, সোহাগপুর বাস স্টেশন, শুভুল্যা বাস স্টেশন এবং পাকুল্যা বাস স্টেশন। এসব বাস স্টেশন এলাকায় ওভার ব্রিজ, আন্ডার পাস বা স্টিলের ওভার ব্রিজ নির্মাণ না হওয়ায় বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করায় রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। গত চার বছরের ব্যবধানে ৫৫ জন যাত্রী রাস্তা পারাপার হতে গিয়ে মারা গেছেন বলে এলাকার লোকজন অভিযোগ করেছেন।

সোহাগপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী বাবুল সিকদার, সোহাগপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজ সিকদার ও মসজিদ কমিটির সভাপতি ফারুক হোসেন সিকদার অভিযোগ করেন, এই বাস স্টেশনের পাশে ৬-৭ টি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, ২০-২২ টি শিল্প প্রতিষ্ঠান, ১৫-২০ টি গ্রাম এবং ৩-৪ টি হাট ও বাজার রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ছাড়াও হাজার হাজার লোকজন ঝুঁকি মাথায় নিয়ে রাস্তা পারাপার হচ্ছে। এলাকাবাসির দাবী ছিল এখানে ওভার ব্রিজ নির্মাণের। কিন্ত কর্তৃপক্ষ ওভার ব্রিজ নির্মাণ না করে পুরো রাস্তায় ডিভাইডার নির্মাণ করেছে। ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে গিয়ে প্রায়ই নিরীহ মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে। এখানে অবিলম্বে ওভার ব্রিজ নির্মাণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসি।

মির্জাপুর ক্যাডেট কলেজ বাস স্টেশন এলাকার বাসিন্দা মো. ছানোয়ার হোসেন বলেন, এখানে ৩০-৩৫ টি ছোট বড় শিল্পকারখানা এবং মির্জাপুর ক্যাডেট কলেজসহ ৩০-৩৫ টি গ্রামের লোকজন যাতায়াত করছেন। এখানেও ফুড ওভার ব্রিজ ও ওভার ব্রিজ নির্মাণ না হওয়ায় পারাপারে দুর্ভোগের শেষ নেই।

শুভুল্যা গ্রামের বাসিন্দা ও সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন তালুকদার বলেন, এই বাস স্টেশন এলাকায় ওভার ব্রিজ নির্মাণ না হওয়ায় প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ।

জামুর্কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল, আওয়ামীলীগ নেতা তৌফিকুর রহমান তালুকদার রাজিব এবং গণমাধ্যমকর্মী ইমরান চৌধুরী বলেন, পাকুল্যা বাস স্টেশন একটি গুরুত্বপূর্ণপয়েন্ট। চারটি উপজেলাসহ ৭০-৮০ টি গ্রামের লোকজন যাতায়াত করে আসছে। রাস্তা পারাপার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে নিরীহ মানুষ। এখানে ওভার ব্রিজ নির্মাণ এখন সময়ের দাবি।

এ ব্যাপারে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু জাতীয় মহাসড়ক নির্মাণকারী প্রতিষ্ঠানের (ফোর লেন) পিডি মো. আবু ইসহাকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গুরুত্বপূর্ণ বাস স্টেশন এলাকায় ওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা নিয়ে প্রস্তাবনা (প্রকল্প) তৈরী করে অর্থ বরাদ্ধ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন ও অর্থ বরাদ্ধ পেলে মির্জাপুর ক্যাডেট কলেজ, সোহাগপুর, শুভুল্যা এবং পাকুল্যা বাস স্টেশন এলাকায় ওভার ব্রিজ নির্মাণ করা হবে।

ইত্তেফাক/এমআরএম