ফুলবাড়ীতে একই স্থানে একই সময়ে আওয়ামীলীগের বিবদমান দুই গ্রুপের সভা আহবান করায় পুলিশি পাহারায় এক পক্ষের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের একাংশ কাশিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার বর্ধিত সভার ডাক দেয়। পক্ষান্তরে উপজেলা আওয়ামীলীগের অপর অংশ ও যুবলীগ একই স্থানে ওই একই সময়ে সভা আহবানের ডাক দিলে দলীয় নেতাকর্মী ও জনমনে উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে একপক্ষকে বুঝিয়ে সভা আহবানে নিবৃত্ত করে। এর পরেও কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন।
ফলে বুধবার বিকাল সাড়ে ৩ টায় ১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২জন সিনিয়র এ এস পি ও ৪জন অফিসার ইনর্চাজসহ ৫০ জন সশস্ত্র পুলিশ সদস্যের উপস্থিতিতে কাশীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শাহজাহান মিয়া বাদশা,সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আব্দুল্লাহেল বাকী,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরকার মনোয়ার পাশা,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম কুমার মোহন্ত ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলন প্রমুখ।
উল্লেখ্যে,গত উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার দলীয় তৃণমূলের ভোটে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা চুড়ান্ত হলেও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আতাউর রহমান শেখকে নৌকা প্রতীক দিলে উপজেলা আওয়ামীলীগের গ্রুপিং এর সৃষ্টি হয়। ফলে দু’জনে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার ১৬৪ ভোটে বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়লাভ করেন। নির্বাচন পরবর্তি সভাপতি ও সাধারণ সম্পাদক দলীয় কার্যক্রম চালিয়ে আসার প্রাক্কালে বুধবার একই স্থানে দু’গ্রুপের বর্ধিত সভা ডাক দেয় । প্রশাসনের হস্তক্ষেপে উপজেলা আওয়ামীলীগের সভাপতির গ্রুপের একই স্থানে বর্ধিত সভাটি প্রত্যাহার করে নেন।
সভা স্থলে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার (ইউএও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
ইত্তেফাক/এসআই
