সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সাথে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর সাক্ষাত্ করেন। এসময় বেসিস ডিজিটাল কমার্স স্থায়ী কমিটির চেয়ারম্যান সৈয়দ এম কামাল উপস্থিত ছিলেন।
বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর ডিজিটাল পেমেন্টের উপর ৫ শতাংশ নগদ প্রণোদনা প্রদানের জন্য প্রস্তাব করেন, যার মধ্যে ৩ শতাংশ মার্চেন্টের জন্য এবং ২ শতাংশ পেমেন্ট প্রদানকারীর জন্য। ডিজিটাল পেমেন্টকে উত্সাহিত করতে এই প্রণোদনা মার্চেন্ট এবং ক্রেতা উভয়কেই উত্সাহিত করবে বলে তিনি উল্লেখ করেন। অপরদিকে সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য করোনা মহামারি চলাকালীন ব্যবসায়িক মন্দা কাটিয়ে উঠতে বিশ হাজার কোটি টাকার স্বল্প সুদে ঋণ সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে, যার উপর ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করে বাংলাদেশ ব্যাংক একটি পৃথক পরিপত্র জারি করায় তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আন্তরিক ধন্যবাদ জানান। যেহেতু সফটওয়্যার ও আইটিএস ব্যবসা প্রতিষ্ঠানগুলো জামানতবিহীন ঋণ সুবিধা নিতে পারে না, সেহেতু করোনা পরিস্থিতির উন্নতি হওয়ার পরেও এই খাতের জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু রাখার জন্য তিনি গভর্নরকে বিশেষ অনুরোধ করেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীরের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তিনি এই প্রস্তাবের পক্ষে জোরালো সমর্থন ব্যক্ত করেন এবং বর্ণিত প্রস্তাব বাস্তবায়নে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।
