অভিনেত্রী শানারেই দেবী শানু। করোনার বিরতির পর কাজে ফিরেছেন তিনিও। সম্প্রতি ‘দ্য অ্যাশ’ শিরোনামে একটি শর্টফিল্মে অভিনয় করেছেন। শোয়েব আহমেদের রচনা ও পরিচালনায় শর্টফিল্মটিতে শানু ছাড়াও অভিনয় করেছেন ইভান সাইর ও সোনিয়া রিফাত।
এটি মূলত নির্মাণ হয়েছে বিশ্বের সবচেয়ে বড় পরিসরের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উত্সব ‘মাই রোড রিল শর্টফিল্ম ফেস্টিভ্যাল’-এর জন্য। যা প্রতিবছর অনুষ্ঠিত হয় লন্ডনে। সারাবিশ্ব থেকে এই উত্সবে অন্তর্জালের মাধ্যমে এবারো অংশ নিচ্ছে স্বল্পদৈর্ঘ্যের ছবিগুলো। সেই ধারাবাহিকতায় ‘দ্য অ্যাশ’ চলচ্চিত্রটি ইউটিউব লিঙ্কের মাধ্যমে উত্সব কমিটিতে জমা দিয়েছেন ঢাকার তরুণ নির্মাতা শোয়েব আহমেদ। শানু এই শর্টফিল্মটি প্রসঙ্গে বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে কাজটি করেছি। শোয়েব আমার সিলেটের ছোট ভাই। এর আগেও তার একটি কাজ করেছি। এই গল্পটি পড়ার পর বেশ আগ্রহী ছিলাম কাজটি করার জন্য। এরপর একদিনের মধ্যে ৩ মিনিটের এই কাজটি আমরা করেছি। যেটি লন্ডনের ফিল্ম ফেস্টিভ্যালে জমা দেওয়া হয়েছে।’
শর্টফিল্মটিতে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে শানু আরো বলেন, ‘বেশ মজার অভিজ্ঞতা ছিল। সময় কম ছিল আমাদের। এরইমধ্যে নিজেকে প্রস্তুত করতে হয়েছে। আমরা যখন গলিতে গিয়ে বাড়ির উদ্দেশ্যে ছাঁই রাখবেন, ছাঁই বলে ডাক দিচ্ছিলাম, অনেকে ছাই রাখার জন্য বেরিয়ে এসেছিল। খুব মজা নিয়ে কাজটা করেছি। সম্প্রতি এটি মুক্তিও পেয়েছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’
