আসছে ব্যাপক রদবদল

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২০:৫৮

বাফুফের নবনির্বাচিত কমিটির প্রথম সভা আগামী রবিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত হবে। গতানুগতিক পরিচিতি সভা নয়। বেশ কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে সভায় বসবে ২১ সদস্যের কমিটি। উত্তপ্ত হতে পারে এই সভা। কারণ কমিটিগুলোতে ব্যাপক রদবদলের আভাস পাওয়া যাচ্ছে। এরই মধ্যে গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্ব নিতে সভাপতির সঙ্গে যোগাযোগ করছেন সহসভাপতি সদস্যরা। কোনো কিছুই চূড়ান্ত হয়নি। তবে মানসিকভাবে প্রস্তুতি নিয়েই কমিটির সভায় বসবেন চার বারের নির্বাচিত সভাপতি কাজী সালাহউদ্দিন। সভায় বসে এই সভাপতি এবার কঠোর অবস্থানে যাবেন এমন কথা শোনা যাচ্ছে।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সংবাদমাধ্যমকে জানিয়েছেন রবিবারের প্রথম সভায় কমিটিগুলোতে রদবদল হবে। জানা গেছে প্রিমিয়ার লিগ কমিটি, ন্যাশনাল টিমস কমিটি, ফুটবল ডেভেলপমেন্ট কমিটি, পাইওনিয়র লিগ, স্কুল ফুটবল, মহানগরী ফুটবল লিগ কমিটি, মিডিয়া কমিটিসহ গুরুত্বপূর্ণ সব কমিটি গঠনের আলোচনা হবে রবিবার। বর্তমান দায়িত্বপ্রাপ্তরা পুনরায় নিজ নিজ কমিটির চেয়ার পেতে মরিয়া। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন ৩ অক্টোবর নির্বাচনের পর দিনই বাফুফেতে গিয়েছিলেন। নির্বাচিত অন্য কর্মকর্তারা গুরুত্বপূর্ণ কমিটির চেয়ার পেতে সালাহউদ্দিনের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন। কাকে কোনো কমিটি দেওয়া হবে সেটা অনেকটাই নিশ্চিত হয়ে যাচ্ছে। যদিও হাতে এখনো সময় আছে। ধারণা করা হচ্ছে শনিবারের মধ্যেই মিটিংয়ের অনেক কিছুই চূড়ান্ত হয়ে যাবে।

ফুটবল সংশ্লিষ্টদেরও চোখ থাকবে এই সভায়। সিনিয়র সহসভাপতি এবং সহসভাপতিরা কি কি দায়িত্ব পালন করবেন তা প্রায় নিশ্চিত আছে। শুধু একজন সহসভাপতি পদে পুনরায় ৩১ অক্টোবর নির্বাচন হবে, যিনি নির্বাচিত হয়ে (তাবিথ আউয়াল / মহিউদ্দিন মহি) আসবেন তার জন্য একটি দায়িত্ব রাখা হবে। ফুটবলের নতুন মৌসুম আসছে। ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে। ফেডারেশন কাপের সেরা চার দল নিয়ে সুপার ফোর টুর্নামেন্ট হতে পারে।