ফ্রেঞ্চ ওপেন

শেষ চারে নাদাল

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২০:৫৯

রেকর্ডের পথে আরো এক ধাপ এগোলেন রাফায়েল নাদাল। ইতালির ইয়ানিক সিনারকে হারিয়ে ফরাসি ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন এই স্প্যানিশ তারকা।

প্যারিসের রোলাঁ গারোঁয় বুধবার প্রথম সেটে প্রতিরোধ গড়ে তোলেন ১৯ বছরের তরুণ সিনার। কিন্তু শেষ পর্যন্ত ৭-৬ (৭-৪), ৬-৪, ৬-১ গেমে ম্যাচ জিতে নেন  প্রতিযোগিতাটির রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন নাদাল। আসরে এখনো কোনো সেট হারেননি এটিপি র্যাংকিংয়ের দুই নম্বরে থাকা এই তারকা।

 শেষ চারে ৩৪ বছর বয়সি এই তারকার প্রতিপক্ষ দিয়েগো শয়ার্টসমান। গত মাসে ইতালিয়ান ওপেনের কোয়ার্টার-ফাইনালে এই আর্জেন্টাইনের কাছে সরাসরি সেটে হেরেছিলেন নাদাল। তবে রোলাঁ গারোঁয় সেমিফাইনালে হারের রেকর্ড নেই নাদালের।

একই দিন পাঁচ ঘণ্টারও বেশি সময়ের তুমুল লড়াইয়ে গত মাসে ইউএস ওপেন জেতা অস্ট্রিয়ার ডমিনিক টিমকে ৭-৬ (৭-১), ৫-৭, ৬-৭ (৬-৮), ৭-৬ (৭-৫), ৬-২ গেমে হারিয়ে শেষ চারে ওঠেন শয়ার্টসমান।

এর আগে ১৯ টি গ্র্যান্ড স্লাম জিতেন নাদাল। এবার জিতে গেলেই রজার ফেদেরারের ২০ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে ভাগ বসাবেন তিনি। আর এখন অবধি যে ১৯টি গ্র্যান্ড স্লাম তিনি জিতেছেন, তার মধ্যে ১২টি এসেছে লাল মাটির কোর্টের। তাই, এবারও টুর্নামেন্টের অন্যতম ফেবারিট নাদাল।