রাজশাহীর তানোর পৌর শহরে নির্বাচনি হাওয়া বইতে শুরু করেছে। পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে আগ্রহী প্রার্থীদের নির্বাচনি তত্পরতা দেখা গেছে। ইতিমধ্যে বিভিন্ন দলের নেতাকর্মীদের মধ্যে কুড়ি জনের অধিক মেয়র পদে ও শতাধিক কাউন্সিলর পদে প্রার্থিতার কথা জানান দিয়ে নির্বাচনি মাঠে নেমে পড়েছেন। অনেকে ফেসবুকের মাধ্যমে ও পোস্টার লাগিয়ে প্রচারণা শুরু করছেন। অবশ্য প্রার্থীরা পরবর্তীতে নিজ নিজ দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার কথাও বলছেন। সম্প্রতি নির্বাচন কমিশনের একসভায় আগামী ডিসেম্বরে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আভাস দেওয়া হয়। স্থানীয় নির্বাচন অফিস সূত্র মতে, তানোর পৌরসভার কার্যকাল মেয়াদ শেষ দিকে হওয়ায় এটি আগামী নির্বাচনি তালিকায় রয়েছে। তানোর উপজেলার দুইটি পৌরসভা। এরমধ্যে তানোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতার কথা জানান দেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আছেন— রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি আবুল বাসার সুজন। তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক। এছাড়া তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো, সাবেক ছাত্রলীগের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান প্রতাপ সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মৃদুল ঘোষ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল হাসানুল কবির (রবিন সরকার)। অপরদিকে, তানোর পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেকও মেয়র পদপ্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন।
এদিকে, তানোর মুন্ডুমালা পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ইতিমধ্যে তাদের প্রার্থিতা জানান দিতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এদের মধ্যে রয়েছেন মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র প্রার্থী সাইদুর রহমান। এদিকে মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ফিরোজ কবির এবারও আগ্রহী প্রার্থী বলে জানান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহম্মেদ জানান, মেয়াদ শেষ হতে চলা তানোর পৌরসভার বিষয়ে আমার কাছ থেকে কিছু তথ্য নেওয়া হয়েছে। আমরা ভোটার তালিকা, ভোটকেন্দ্রগুলোর তালিকা প্রস্তুত করছি। তবে এখনো কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা পেলে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হবে।
