মিয়ানমারে ৬০০ কোটি ডলারের তেল শোধনাগার নির্মাণের প্রস্তাব ভারতের

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ০০:০২

মিয়ানমারের জ্বালানি খাতে সহযোগিতা জোরদার করেছে চীন। যে কারণে কৌশলগত গুরুত্বপূর্ণ প্রতিবেশী মিয়ানমারের এই খাতে নিজেদের শক্ত উপস্থিতি নিশ্চিত করতে তত্পর হয়েছে ভারত। সম্প্রতি মিয়ানমার সফর করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ও সেনাপ্রধান জেনারেল এম এম নরাভানে। তাদের সফরে একটি পেট্রোলিয়াম পরিশোধনাগার নির্মাণের সম্ভাবনা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। এই প্রকল্পে ৬০০ কোটি ডলার (প্রায় ৫০ হাজার ৭০৯ কোটি টাকা) বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে ভারত। মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এই তথ্য জানানো হয়েছে।

সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ইয়াঙ্গুনের পার্শ্ববর্তী থানলিনে জ্বালানি তেল পরিশোধনাগারটি নির্মাণের প্রস্তাব ভারতের পক্ষ থেকেই উত্থাপন করা হয়েছে। ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল) প্রকল্পটিতে আগ্রহ প্রকাশ করেছে। এ প্রকল্প থেকে উভয় দেশই লাভবান হতে পারে। খবরে বলা হয়েছে, মিয়ানমারের জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগের ৭০ শতাংশেরই যোগান দেয় চীন। মিয়ানমারে জ্বালানি তেল পরিশোধনাগারের সংখ্যাও খুবই অপর্যাপ্ত এবং দেশটির স্থানীয় জ্বালানি চাহিদার বড় একটি অংশই আমদানিনির্ভর।

সফরকালে ভারতের পররাষ্ট্র সচিব ও সেনাপ্রধান মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান শু চি ও সেনাপ্রধান মিন অং হ্লেইংয়ের সঙ্গে সাক্ষাত্ করেন। তাদের সফরে সীমান্তে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয় বলে ভারত সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে।