আরমানিটোলা সড়কে স্যুয়ারেজ লাইনে হঠাত্ বিস্ফোরণ, আহত ৯

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ০০:০৭

রাজধানীর আরমানিটোলা এলাকায় স্যুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাসে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৯ জন আহত হয়েছেন। এছাড়া রাস্তার একটি অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে আরমানিটোলা মাঠ গেটের পশ্চিম পাশের রাস্তায় এ বিস্ফোরণ হয়। আহত তিন জনকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ তিন জন হলেন, নোয়াব আলী, আব্দুর রব ও সিরাজ। অন্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বলেন, বিস্ফোরণের খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে আহত ব্যক্তিদের রক্তাক্ত অবস্থায় দেখা যায়। ৯ জনকেই উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ফায়ার সার্ভিস ও তিতাস গ্যাস কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে তারাও ঘটনাস্থলে ছুটে আসে। পয়োনালার ওপরের ঢাকনা ও চূর্ণ-বিচূর্ণ হয়ে যাওয়া সড়কটির ইটসুরকির আঘাতে পথচারীরা আহত হন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের টেলিফোন অপারেটর আনিস বলেন, আরমানিটোলার রাস্তায় ম্যানহোলে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গেছে।