বাংলাদেশে নারীর প্রতি সহিংসতায় জাতিসংঘের উদ্বেগ

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ০০:২৯

সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। গতকাল বুধবার বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ জানানো হয়েছে। এসব ঘটনাকে গুরুতর অপরাধ ও মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন বলে মন্তব্য করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালীতে ঘটে যাওয়া নারী-সহিংসতার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে সামাজিক, আচরণগত ও কাঠামোগতভাবে নারীর প্রতি যে বিদ্বেষ তা ফুটে উঠেছে। ন্যায়বিচারের দাবিতে সাধারণ মানুষ ও সুশীল সমাজের পাশে দাঁড়াচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ মনে করে নোয়াখালীর ঘটনা কোন নিছক বিচ্ছিন্ন ঘটনা নয়। নারী অধিকার সুরক্ষা ও শক্তিশালীকরণে পদ্ধতিগত সংস্কারের পক্ষে আমরা আমাদের শক্ত অবস্থান তুলে ধরছি।

জেন্ডার সংবেদনশীল বিচার ব্যবস্থা প্রণয়ন, উন্নয়ন এবং নারী ও শিশু নির্যাতন মামলা পরিচালনা পদ্ধতিতে পুনমূল্যায়নে সরকারকে সহায়তা করতে জাতিসংঘ প্রস্তুত বলেও জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ ভুক্তভোগী ও সাক্ষীদের সমর্থন ও সুরক্ষা দেওয়া এবং দ্রুত বিচারের ক্ষেত্রে ফৌজদারি বিচার ব্যবস্থার জরুরি সংস্কারের পক্ষে।