নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ছলিমের বাজার মোড় হতে সৈয়দপুর উপজেলার খাতামধুপুর যাওয়ার একমাত্র সড়কটিতে হাঁটু পরিমাণ কাঁদা পানি জমে থাকায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে যাতায়াতে চরম দুর্ভোগের স্বীকার হচ্ছে দুই উপজেলার হাজার হাজার মানুষ।
বুধবার (৭ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা গেছে, কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়ন পরিষদ থেকে সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ভিতর দিয়ে সৈয়দপুর যাওয়ার একমাত্র সড়কটি কয়েকদিনের টানা বর্ষণের ফলে সড়কটিতে হাঁটু পরিমাণ কাঁদা পানি জমে থাকায় এলাকাবাসী চলাচলে চরম দুর্ভোগের স্বীকার হচ্ছে।
খাতামধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা আব্দুল মালেক বলেন, সৈয়দপুর উপজেলার হামুর হাট দিয়ে মধুপুর হয়ে নিতাই ইউনিয়নের ছলিমের বাজার থেকে খুব সহজে কিশোরগঞ্জ উপজেলা এবং সৈয়দপুর উপজেলায় যাতায়াত করা যায়। কিন্তু মধুপুর গ্রামের কাছ থেকে নিতাই ছলিমের বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক গত ৩০ বছর ধরে পাঁকা হচ্ছে না। ফলে সড়কটি দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়ার কারণে প্রতিবছর বন্যায় সড়কটিতে হাঁটু পরিমাণ পানি জমে থাকে ।
নিতাই ছলিমের বাজারের বাসিন্দা লাবু মিয়া বলেন, সড়কটিতে সব সময় হাঁটু পরিমাণ কাঁদা পানি জমে থাকার কারণে সড়কটি দিয়ে ভারী যান চলাচল করাতো দুরের কথা পায়ে হেঁটেও চলাচল করা যায়না।
নিতাই ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক বলেন, আমি সড়কটি পাকা করনের জন্য বেশ কয়েকবার উপজেলা প্রকৌশলীকে বলেছি কিন্তু তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি।
উপজেলা প্রকৌশলী মজিদুল হকের সাথে কথা বললে তিনি বলেন, ছলিমের বাজারের কাছ থেকে খাতামধুপুর ইউনিয়ন পর্যন্ত মোট ৭শ মিটার সড়ক বেহাল। নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল স্যারকে বিষয়টি অবগত করেছি। আশা করছি কয়েক মাসের মধ্যে সড়কটি পাকা হবে।
ইত্তেফাক/এমএএম
