ইতালির টিনএজার জানিক সিনারকে স্ট্রেট সেটে হারিয়ে মঙ্গলবার রাতে রাফায়েল নাদাল যখন ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠলেন, তখন ঘড়ির কাঁটায় রাত একটা ছাব্বিশ। প্রচণ্ড ঠান্ডার সঙ্গে বইছে বেপরোয়া হাওয়া।
আর তাই নাদাল কোনও কিছু রাখ ঢাক না রেখেই বলে দিলেন, ‘এখন থেকে সংগঠকদের ম্যাচের সিডিউল করার সময় ঘড়ির কাঁটার দিকেও নজর দেওয়া উচিত।’ রোলাঁ গারোয় ম্যাচ শুরু হয় সকাল ১১ টায়। সেন্টার কোর্টে ছেলে এবং মেয়ে মিলিয়ে পাঁচটি করে ম্যাচ হয়। মঙ্গলবার ডমিনিক থিমের ম্যাচ শেষ হতে সময় লেগেছে পাঁচ ঘন্টা। মেয়েদের এক একটা ম্যাচ চলে গেছে তিন সেটে। সব মিলিয়ে নাদাল যখন কোর্টে নামেন তখনই বেজে গেছে রাত এগারোটা। ম্যাচ যখন শেষ হল তখন রাত প্রায় দেড়টা।
ম্যাচ জেতার পর নাদাল আরও বলেছেন, ‘ফুটবলেও কখনও কখনও রাত দেড়টা পর্যন্ত খেলা হয়। কিন্তু ওরা তো সারা মাঠ দৌড়য়। আমাদের অত দৌড়তে হয় না। তাই আমাদের বেশ শীত করছিল। ব্যাপারটা দেখা উচিত সংগঠকদের।’ তবে শীতের মধ্যে নাদালের খেলার কোনও ক্ষতি হয়নি। দুই নম্বর বাছাই জিতেছেন ৭-৬ (৭-৪), ৬-৪, ৬-১ গেমে।
ম্যাচের ফল থেকেই পরিষ্কার উনিশ বছর বয়সী সিনার প্রথম দিকে যতটা লড়েছিলেন, ম্যাচ যত এগিয়েছে তত তাঁর দম ফুরিয়ে গেছে। না হলে প্রথম সেট টাই ব্রেকারে টেনে নিয়ে গিয়ে তৃতীয় সেট কেউ ১-৬ হারে? সেমিফাইনালে নাদাল খেলবেন দ্বাদশ বাছাই আর্জেন্তিনার দিয়েগো স্কাচওয়ারর্টমানের সঙ্গে। কোয়ার্টার ফাইনালে দিয়েগো ৭-৬ (৭-১), ৫-৭, ৬-৭ (৬-৮), ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে হারিয়ে দিয়েছেন তৃতীয় বাছাই এবং আমেরিকা ওপেন চ্যাম্পিয়ন ডমিনিক থিমকে। এর আগে থিম এই আর্জেন্তিনীয়ের কাছে দুবার হেরেছেন। এই নিয়ে তিনি হলেন আর্জেন্তিনার দশম খেলোয়াড় যিনি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের শেষ চারে উঠলেন।
ইত্তেফাক/বিএএফ
