ফ্লয়েড হত্যা: ১০ লাখ ডলারে মূল অভিযুক্ত পুলিশের জামিন

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ১০:০২

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসের নিরস্ত্র কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার দায়ে মূল অভিযুক্ত  সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিন কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। আদালতের রেকর্ড অনুযায়ী, জামিনের জন্য  ১০ লাখ  ডলারের বন্ড দিয়েছেন চাওভিন। স্থানীয় সময় বুধবার সকালে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক ফ্লয়েড হত্যার দায়ে ইতোমধ্যে বরখাস্ত হয়েছেন চাওভিনসহ আরো তিন মার্কিন পুলিশ কর্মকর্তা।  ফ্লয়েড হত্যায় ঘটনায় জড়িত থাকায় অভিযুক্ত চারজনই এখন জামিনে রয়েছেন।   আগামী মার্চে ফ্লয়েড হত্যা মামলায় আবারো বিচারের মুখোমুখি হবেন জামিনে থাকা  এই চারজন। 

গত ২৫ মে মিনিয়াপোলিসে পুলিশের হেফাজতে থাকার সময় মারা যান ৪৬ বছর বয়সী আফ্রিকান আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েড। অনলাইনে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায় যে, বেশ কয়েক মিনিট ধরে ফ্লয়েডের ঘাড়ের ওপর হাঁটু গেড়ে বসে থাকেন চাওভিন। ফ্লয়েড বারবারই বলছিলেন, তিনি শ্বাস নিতে পারছেন না।পুলিশের হাতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠে পুরো দেশজুড়ে। প্রতিবাদ ছড়িয়ে পড়ে  যুক্তরাষ্ট্রের বাইরেও।   

ইত্তেফাক/এআর