সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন আহত হলেও অক্ষত রয়েছে ১৫ দিন বয়সী নবজাতক। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার চারাবটতলা নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে। এসময় দুমড়েমুচড়ে যায় যাত্রীদের বহনকারী প্রাইভেটকার।
আহতরা হলেন, মো. ফরিদউজ্জামান (৫০), তার স্ত্রী মমতাজ বেগম (৪০) এবং নাজমুন্নাহার (২৮)। তারা সকলেই যশোর জেলার শার্শা উপজেলার মহিষাডাঙ্গা বারপোতা এলাকার বাসিন্দা।
প্রাইভেটকারের চালক তরিকুল ইসলাম জানান, ১৫ দিন বয়সী একটি শিশুকে ডাক্তার দেখানোর জন্য পরিবারের সদস্যদের নিয়ে শার্শার বারপোতা থেকে সাতক্ষীরা যাচ্ছিলাম। পথে চারাবটতলা নামক স্থানে পৌঁছলে আকষ্মিকভাবে একটি যাত্রীবাহী ব্যাটারি চালিত ভ্যান ও একটি কুকুর গাড়ির সামনে পড়ে। তখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, গাড়িটি রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা খায়।
কলারোয়া থানার এএসআই সোহেল রানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের বাগআঁচড়ার একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। প্রাইভেটকারে ১৫ দিন বয়সী এক নবজাতকসহ পাঁচজন যাত্রী থাকলেও শিশুটি এবং চালকের কোনো আঘাত লাগেনি। এদের মধ্যে মমতাজ বেগমের আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে প্রেরণ করা হয়েছে বলে আহতদের পরিবার জানিয়েছে।
ইত্তেফাক/এসি
