অবশেষে ধর্ষণচেষ্টাকারী শ্বশুরের বিরুদ্ধে মামলা নিল পুলিশ, শ্বশুর গ্রেফতার

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২০:০১

অবশেষে শ্বশুর কর্তৃক পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি নিয়ে বুধবার (৭ অক্টোবর) বিভিন্ন সংবাদপত্রের অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশিত হলে মামলাটি নিয়ে গভীর রাতে সক্রিয় হয় উঠে চরফ্যাশন থানা পুলিশ। সপ্তাহকাল গড়িমসি করে বুধবার গভীর রাতে তড়িঘড়ি করে ভুক্তভোগীকে খুঁজে এনে ধর্ষণের চেষ্টার মামলা নেয় এবং ধর্ষণের চেষ্টাকারী শ্বশুরকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে। 

গ্রেফতারকৃত কাদের মাঝি ভোলার চরফ্যাশানের আবদুল্লাহপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খাসেরহাট গ্রামের মৃত সৈয়দ আহমেদ মাঝির ছেলে। 

জানা গেছে, গত বৃহস্পতিবার ( ১ অক্টোবর) দিবাগত রাতে আবদুল্লাহপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খাসেরহাট গ্রামের নিজ বসতঘরে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করে শ্বশুর কাদের মাঝি ওরফে কাদের ভান্ডারী(৫০)। ঘটনার সময় ভুক্তভোগীর দিনমজুর স্বামী চট্টগ্রাম এবং শাশুড়ি বাড়িতে ছিলেন না। ঘরে পুত্রবধূ আর শ্বশুর ছাড়া অন্য কেউ ছিলেন না। এই সুযোগে শ্বশুর ঘুমন্ত পুত্রবধূকে ঝাপটে ধরে মুখে গামছা গুজে ধর্ষণের চেষ্টা করে। এ সময় কামড়িয়ে পুত্রবধূর বুকে ও ঠোঁটে রক্তাক্ত ও ক্ষত করে। ইজ্জত রক্ষার্থে পুত্রবধূ ঘর থেকে বের হয়ে গভীর রাতে পাশের চাচা শ্বশুরের ঘরে আশ্রয় নেন। পরদিন শুক্রবার (২ অক্টোবর) ওই পুত্রবধূকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর ওইদিনই ভুক্তভোগী ধর্ষণের চেষ্টাকারী শ্বশুরকে আসামি করে চরফ্যাশন থানায় এজাহার দাখিল করেন। লিখিত এজাহার পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু মামলা নেই নিচ্ছি বলে ৭ দিন অতিবাহিত করে পুলিশ মামলা নিতে অস্বীকার করে এবং ধর্ষণের চেষ্টার শিকার বধূকে আদালতে গিয়ে মামলা দায়েরের পরামর্শ দেয়। এই ঘটনা নিয়ে বুধবার বিকেলে ভুক্তভোগী স্থানীয় সংবাদকর্মীদের কাছে সহযোগিতা চেয়ে লিখিত আবেদন করেন। 

আরও পড়ুন: বাঘায় প্রতারণার বড়ো আয়োজন, যেকোনো সময় গ্রাহকের ‘মাথায়বাড়ি’!

যার প্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় বিভিন্ন পত্রিকার অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশিত হলে সক্রিয় হয়ে উঠে থানা পুলিশ। গভীর রাতে পুলিশ ভুক্তভোগীকে খুঁজে এনে নতুন করে ধর্ষণের চেষ্টার এজাহার নেয় এবং শ্বশুর কাদের মাঝিকে গ্রেফতার করে। 

ওসি মনির হোসেন মিয়া জানান, পুত্রবধূর দায়ের করা মামলায় বুধবার রাতেই ধর্ষণের চেষ্টাকারী শ্বশুরকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইত্তেফাক/এএএম