কুমিল্লায় পৃথক ঘটনায় চারজনের লাশ উদ্ধার

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২০:৪১

কুমিল্লায় পৃথক ঘটনায় চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার জেলার আদর্শ সদর, দাউদকান্দি, তিতাস ও বরুড়া উপজেলা এলাকা থেকে সংশ্লিষ্ট থানা পুলিশ এসব লাশ উদ্ধার করে।

সংশ্লিষ্ট থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার এসআলম প্লাজা নামের একটি চারতলা ভবনের নিচতলা থেকে শারমিন আক্তার (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। শারমিন আক্তার এসআলম প্লাজার মালিক ভুলিরপাড় গ্রামের মৃত শাহআলম সরকারের ছেলে সুমন সরকারের দ্বিতীয় স্ত্রী। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সুমন সরকারকে আটক করেছে। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সুমন সরকারকে আটক করা হয়েছে।

এদিকে জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর এলাকার গোমতীর চর থেকে অজ্ঞাতনামা এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এছাড়া দুপুরের দিকে জেলার বরুড়া উপজেলার ভাউকসার এলাকার কার্জনখাল থেকে সুমন (৩২) নামে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করে পুলিশ। সে ওই উপজেলার মোগগাঁও গ্রামের আবদুল মান্নানের ছেলে। পরিবারের বরাত দিয়ে বরুড়া থানার ওসি সত্যজিৎ বড়ুয়া জানান, সুমন বুধবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে সে আর বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার কার্জন খাল এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এদিকে বৃহস্পতিবার বিকালে জেলার তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে গাজী ইমন (২০) নামে একজন মারা যায়। সে উপজেলার তেগুরিয়া গ্রামের জেনারেটর ব্যবসায়ী জুয়েল মিয়ার ছেলে।

ইত্তেফাক/আরকেজি