মোংলা পোর্ট পৌরসভায় নির্বাচনি আমেজ

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২১:১২

মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনকে ঘিরে শহরে বইছে নির্বাচনি আমেজ। কে কে প্রার্থী হচ্ছেন, কে নির্বাচিত হলে কেমন হবে পৌরসভা—এসব নিয়ে ভোটারদের মধ্যে চলছে আলাপ-আলোচনা। জানা গেছে, ২০১১ সালে জুলফিকার আলী মেয়র নির্বাচিত হওয়ার পর সীমানা জটিলতার মামলার কারণে আর নির্বাচন হয়নি। সীমানা জটিলতা দূর হয়ে এখন চলছে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম।

নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী হতে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় প্রচার-প্রচারণা শুরু করেছেন অনেকে। বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা যে যার মতো লবিং-গ্রুপিং চালিয়ে যাচ্ছেন। দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে মাঠ পর্যায়ের নেতাকর্মীসহ হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন প্রার্থীরা। প্রচারণার অংশ হিসেবে অনেকে সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজেকে জানান দেওয়ার চেষ্টা করছেন। তবে প্রার্থীদের প্রচারণা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেই বেশি দেখা যাচ্ছে।

এখন পর্যন্ত মাঠে আওয়ামী লীগেরই পাঁচ জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে রয়েছেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রিস আলী ইজারাদার, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

এদিকে, বিএনপি থেকে এখন পর্যন্ত প্রার্থীর হিসাবে বর্তমান পৌর মেয়র মো. জুলফিকার আলীর নাম শুনা যাচ্ছে। তিনি পৌর বিএনপির সাধারণ সম্পাদক। মেয়র বলেন, এবারও দল থেকে আমাকেই মনোনয়ন দেবেন। তিনি আরো বলেন, আমি যখন মেয়রের দায়িত্ব নেই তখন পৌরসভা দেনায় জর্জরিত ছিল। দায়িত্ব বুঝে নেওয়ার পর পৌরসভার সর্বত্র যে আধুনিকতার ছোঁয়া লাগিয়ে দিয়েছে তাতে পৌরবাসী খুশি মনে আমাকে আবারও ভোট দিয়ে মেয়র নির্বাচিত করবেন বলে আমি আশাবাদী।

এর আগে ২০১৬ সালে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার। তবে সে সময় সামীনা জটিলতার কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়। মনোনয়নপ্রত্যাশী ইদ্রিস আলী ইজারাদার জানান, আসছে নির্বাচনেও আবারও তাকে দলের হাইকমান্ড মনোনয়ন দেবেন এমন প্রতাশ্যা তার। মনোনয়নপ্রত্যাশী পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রহমান বলেন, তৃণমূলের নেতাকর্মীদের প্রতি আমার আস্থা ও বিশ্বাস আছে। মনোনয়নপ্রত্যাশী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম বলেন, পৌর মেয়র হিসেবে আমি দলের কাছে মনোনয়ন চাইব। উপজেলা যুবলীগের সভাপতি ইস াফিল হাওলাদার ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনও দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান। তাছাড়া, সর্বশেষ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে মোংলা বন্দরের ব্যবসায়ী ও মোংলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম দুলালের।