নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে গৃহবধূকে ধর্ষণসহ দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদ এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকালও মানববন্ধন, বিক্ষোভ ও মোমবাতি প্রজ্জ্বালন করা হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
বাগেরহাট :বিভিন্ন সামাজিক সংগঠন প্রেসক্লাবের সামনে মানববন্ধন, বিক্ষোভ ও মৌন মিছিল কর্মসূচি পালন করেছে। মানববন্ধনে শতশত নারী, পুরুষ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ধর্ষকদের বিচার চেয়ে মুখে কালোকাপড় বেঁধে ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানারে নানা ধরনের স্লোগান লিখে রাস্তায় অবস্থান নেয়। মানববন্ধন শেষে সংগঠনগুলো শহরে বিক্ষোভ এবং মৌন মিছিল করে।
খাগড়াছড়ি :জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের কর্মীরা। বক্তারা খাগড়াছড়িতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীর ওপর দলবদ্ধ ধর্ষণ এবং ডাকাতির ঘটনায় অবিলম্বে গ্রেফতার এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। দেশব্যাপী নারী নির্যাতন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
চাঁদপুর :চাঁদপুর সার্কিট হাউজ, শপথ চত্বর, কালীবাড়িমোড়ে সচেতন ছাত্র সমাজসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শিক্ষার্থীরা চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে বিভিন্ন দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে।
টাঙ্গাইল :টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বিভিন্ন সংগঠন। এ কর্মসূচি থেকে ধর্ষণ, নির্যাতন বন্ধ এবং আসামিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
ঝিনাইদহ :মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। শহরের পায়রা চত্বরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জেলা নাট্য সমন্বয় পরিষদ। এতে ব্যানার, ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ সাংস্কৃতিক কর্মীরা অংশ নেয়।
বরিশাল :নগরীর সদর রোডে বিভিন্ন সংগঠনের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অশ্বিনী কুমার হল চত্বরে অবস্থান নেয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এদিকে একই দাবিতে অশ্বিনী কুমার হলের সামনে ফুটপাতে নগরীর আনসার উদ্দিন মল্লিক কলেজের শিক্ষার্থী ইশরাত জাহান সুরাইয়া সকাল থেকে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন। তার সঙ্গে যোগ দেন আরো কয়েক জন শিক্ষার্থী।
খুলনা :নগরীর কেডি ঘোষ রোডে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় সমাবেশে নারীর প্রতি সহিংসতা রোধ ও ধর্ষণের বিচার দাবি করে বক্তব্য দেন নেতাকর্মী ও জনতা।
জয়পুরহাট :শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালিত হয়েছে। ঘণ্টাব্যাপী এই মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে বক্তরা ধর্ষকদের বিচারের দাবি জানিয়েছেন। বিশেষ ট্রাইব্যুনাল গঠনেরও দাবি জানানো হয় এসময়।
লালমনিরহাট :শহরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে। বক্তারা বলেন, ধর্ষণ ও হত্যা বন্ধে কঠোর আইনের প্রয়োগ করতে হবে।
সুনামগঞ্জ :শহরে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। মানববন্ধনে বক্তারা বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে কঠোর আইন প্রয়োগ জরুরি।
সিংড়া (নাটোর) :উপজেলা চত্বরে মানববন্ধন ও পথনাটক অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন মানববন্ধনের আয়োজন করে। এসময় ধর্ষণ ও নির্যাতন বন্ধে কঠোর হওয়ার আহ্বান জানান বক্তারা।
নান্দাইল (ময়মনসিংহ) :ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলা সদরে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সচেতন ছাত্র সমাজের উদ্যোগে মানবন্ধনের আয়োজন করা হয়। নারীদের নিরাপত্তাসহ ধর্ষণকারীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা (ভারপ্রাপ্ত) বরাবর ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে স্মারকলিপি প্রদান করে।
পলাশ (নরসিংদী) : পলাশ বাসস্ট্যান্ড ও উপজেলা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পাঁচটি সামাজিক সংগঠনের শিক্ষার্থীরা এ বিক্ষোভ-প্রতিবাদ মিছিলের আয়োজন করে। বক্তারা বলেন, ধর্ষকদের কঠোর বিচারের আওতায় আনতে হবে। নারীদের নিরাপত্তার আহ্বান জানানো হয় এ সময়।
কালকিনি (মাদারীপুর) :কালকিনিতে ছাত্রসমাজ ও বিভিন্ন সংগঠন সম্মিলিত প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে ধর্ষকের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়। অবলিম্বে দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতনে যেসব মামলা হয়েছে, তাদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানানো হয়।
ছাতক (সুনামগঞ্জ) :শহরের ট্রাফিক পয়েন্টে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। পৌর স্বেচ্ছাসেবক ও রক্তদান সংগঠনের ব্যানারে এ মানববন্ধনে বক্তব্য রাখেন কর্মী ও সচেতন মহল। ধর্ষণকারীদের দ্রুত বিচারের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
কটিয়াদী (কিশোরগঞ্জ) :ধর্ষণের প্রতিবাদে গণস্বাক্ষর ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কটিয়াদী বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান সমিতির সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কবি, সাহিত্যিক, রাজনীতিক, সুশিল সমাজ, গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। নারীর প্রতি সহিংসতা রোধে সংগঠনের পক্ষ থেকে আট দফা দাবি পেশ করা হয়। নারী ও শিশু ধর্ষণের ঘটনায় চিহ্নিতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে তিন শতাধিক লোক গণস্বাক্ষর করেন।
সুজানগর (পাবনা) :সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বর থেকে বের হওয়া ঐ মিছিলটি ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে প্রতিবাদ সভায় মিলিত হয়। বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান।
বাগমারা (রাজশাহী) :ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্যোগে নিউমার্কেট চত্বর এলাকায় আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় শিক্ষার্থী ও বাজারের ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) : কসবার স্বাধীনতা চত্বরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে উপজেলার সর্বস্তরের শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কসবা টি আলী বাড়ি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল কসবা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চত্বরে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেয়।
মঠবাড়িয়া (পিরোজপুর) :উদীচী মঠবাড়িয়া শাখার আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাংস্কৃতিককর্মী, শিক্ষক, সাংবাদিক ও পাঠাগার আন্দোলনকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।
কলমাকান্দা (নেত্রকোনা) : কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা অবিলম্বে সারা দেশে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন নিপীড়নকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
সৈয়দপুর (নীলফামারী) :মানববন্ধন কর্মসূচি পালন করেছে ২৫টিরও অধিক স্বেচ্ছাসেবী সংগঠন। প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক মুখে কালোব্যাজ ও হাতে বিভিন্ন প্লেকার্ড ব্যানার নিয়ে অংশগ্রহণ করে। মানববন্ধনে স্বেচ্ছাসেবকরা ধর্ষকদের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করার আহ্বান জানান।
বেড়া (পাবনা) : বেড়া বাজারের কাদের ডাক্তারের মোড়ে মানববন্ধন করা হয়েছে। এ সময় বক্তারা বলেন, করোনার মতো ভয়ানক রূপ নিতে যাচ্ছে যৌন সন্ত্রাস। অতি দ্রুত আমাদের এই যৌন সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার।
দেবীগঞ্জ (পঞ্চগড়) : উপজেলা নারী ফোরামের উদ্যোগে মানববন্ধন, ঝাড়ু প্রদর্শন ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। বিজয় চত্বর মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন কর্মসূচি শেষে চৌরাস্তা মোড়ে এসে ধর্ষকের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
