তিতাসে বুধবার রাতে বাল্যবিবাহের দায়ে বর ও কনেপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার কড়িকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের কনের বাড়িতে উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট রাশেদা আক্তার বাল্যবিবাহে নিরোধ আইনে এ জরিমানা আদায় করেন। উপজেলার বন্দরামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. উজ্জল (২৭) একই উপজেলার কলাকান্দি গ্রামের ঐ কিশোরীকে (১৪) রবিবার হরফনামার মাধ্যমে কোর্টে বিবাহ করে। বুধবার সন্ধ্যায় বর পক্ষ কনেকে আনতে যায়। বিষয়টি জানতে পেরে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রহিমা খাতুন পুলিশসহ কনের বাড়িতে উপস্থিত হন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঐ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিতে পারবে না বলে অভিভাবকের কাছ থেকে অঙ্গীকারনামা রাখা হয়েছে।
