মাছ নানাভাবে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। খাবার হিসেবে মাছের রয়েছে অসংখ্য রান্নার পদ্ধতি। জাপানে কাঁচা মাছ খাওয়া ঐতিহ্যের অংশ। একে কোথাও উর্বরতার প্রতীক হিসেবে গণ্য করা হয়। ভূমধ্যসাগর অঞ্চলে মাছ সৌভাগ্যের প্রতীক। মীন রাশির পরিচয়চিহ্ন হচ্ছে মাছ। অনেক প্রাচীন ধর্মে মাছকে প্রেমের দেবতা বলে পুজা করা হতো। সামাজিক আচরণেও মাছের অনেক ভূমিকা। আমাদের দেশে বিয়ের অনুষ্ঠানে মাছ গুরুত্বপূর্ণ লোকাচারের অংশ। মাছ নিয়ে কিংবদন্তির অভাব নেই। শোনা যায়, মহাস্থানগড়ের মহাত্মা হজরত শাহ্ সুলতান বলখী মাছের পিঠে চেপে করতোয়া নদী পার হয়েছিলেন বলে তাঁর নামের শেষাংশ ‘মাহীসওয়ার’ বা মাছের পিঠে আরোহণকারী। নূহের মহাপ্লাবনে একমাত্র মাছই নাকি স্রষ্টার শাপমুক্ত ছিল।
