সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নীরব প্রতিবাদ

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২১:৩০

সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীর শ্লীলতাহানির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সবাই যেন স্তব্ধ হয়ে গেছেন। দেশের এই ক্রান্তিকালে এটি যেন আরো ভয়াবহ রূপ নিয়েছে। গত ৮ মাসে ৮৮৯ জন ধর্ষণের শিকার হয়েছে, যার মধ্যে ৪১ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়। তবে নোয়াখালীর বেগমগঞ্জে ঘটে যাওয়া ঘটনাটি যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। সমাজের সর্বস্তরের মানুষ নিজ নিজ জায়গা থেকে এর প্রতিবাদ, মানববন্ধন করছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বহিঃপ্রকাশ সব থেকে বেশি। প্রতিবাদের ভাষা হিসেবে নিজেদের ফেসবুক প্রোফাইলটি কালো করেছেন, যা এখন রীতিমতো ভাইরাল হয়ে গেছে। সাধারণত কোনো দুর্ঘটনা বা অন্যায়ের প্রতিবাদে কালো ব্যাজ বা পতাকা প্রদর্শনের মাধ্যমে প্রতিবাদ করা হয়। ঠিক তেমনি নিজেদের এই কর্মসূচির মাধ্যমে সবাই এমন ঘৃণ্য, বর্বরোচিত এবং পাশবিক ঘটনার নীরব প্রতিবাদ করছেন। রাষ্ট্র কী ব্যবস্থা নেয়, এখন সেটাই দেখার বিষয়।

মামুন হোসেন আগুন

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ