শেষ চারে জকোভিচ

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২১:৩৩

নোভাক জকোভিচ ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে পাবলো কারেনো বুস্তার বিপক্ষে ৪-৬, ৬-২, ৬-৩, ৬-৪ গেমে জয় নিয়ে প্রতিযোগিতার শেষ চারে উঠে গেছেন।

চলতি বছরে হারেননি একটি ম্যাচেও। জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা। নিজের ভুলে ইউএস ওপেন থেকে বিদায় না নিলে হয়তো জিতে নিতেন সে গ্র্যান্ড স্ল্যামও।

সে ভুলের প্রায়শ্চিত্ত প্যারিসে করতে যেন বদ্ধপরিকর ‘জোকার’। চলতি ফরাসি ওপেনে কোয়ার্টার ফাইনালের আগে হারেননি একটি সেটেও, সব কয়টা জয়ই তুলে নিয়েছেন সরাসরি সেটে। তবে শেষ আটে সেই ‘প্রথম’ এর বিস্বাদ নেন জকোভিচ।

স্প্যানিশ কারেনো বুস্তার কাছে ৪-৬ গেমে হারের পরই অবশ্য আবারও দেখা মিলল অদম্য জকোভিচের। পরের তিনটি সেটে ৬-২, ৬-৩, ৬-৪ গেমে জিতে পা রাখেন শেষ চারে। সেমিফাইনালে আজ মুখোমুখি হবেন গ্রিক খেলোয়াড় স্টেফানোস সিটসিপাসের। দিনের অন্য ম্যাচে রাফায়েল নাদাল খেলবেন আর্জেন্টাইন দিয়েগো শোয়ার্টজম্যানের বিপক্ষে।