নিউজিল্যান্ডে ক্রিকেট শুরু হচ্ছে

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২১:৩৪

করোনা মহামারিকে সবচেয়ে আগে হার মানাতে পেরেছে নিউজিল্যান্ড। মধ্যে একবার দ্বিতীয় দফা সংক্রমণ দেখা গেলেও দেশটি সম্প্রতি সংক্রমণ শূন্যের কোটায় নামিয়ে এনেছে আবার। ফলে আরো অনেক দেশের মতো ক্রিকেট শুরু করতে যাচ্ছে না। অক্টোবরের ১৯ তারিখে প্লাঙ্কেট শিল্ডের খেলা দিয়ে শুরু হবে দেশটির ঘরোয়া ক্রিকেট। এরপর ছেলে ও মেয়েদের ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতা হবে।

নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত প্লাঙ্কেট শিল্পের চারটি রাউন্ড অনুষ্ঠিত হবে। এর পরের খেলাটা অনুষ্ঠিত হবে মার্চ-এপ্রিলে। ছেলেদের ওয়ানডে টুর্নামেন্ট, ফোর্ড ট্রফি শুরু হবে নভেম্বরে। মাঝে আবার টি-টোয়েন্টি স্মাশ অনুষ্ঠিত হবে। আবার ৫ মার্চ ফোর্ড ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে।

পুরো টুর্নামেন্টে কোভিড-১৯ বিধি অনুসরণ করা যাবে। লালার ব্যবহার নিষিদ্ধ এবং স্বাস্থ্যবিধি মেনে খেলা হবে। ক্রিকেট নিউজিল্যান্ডের ক্রিকেট অপারেশন্স প্রধান রিচার্ড ব্রিউয়ার বলেছেন, ম্যাচে করোনা আক্রান্ত খেলোয়াড়ের বদলির সুযোগ থাকবে। আবার সন্দেহযুক্ত খেলোয়াড় করোনা পরীক্ষা করিয়ে খেলায় ফিরতে পারবেন। নভেম্বরের ২৭ তারিখে দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাবে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে তারা। এরপর পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার সূচি আছে তাদের।