ব্যাট করতে যাওয়ার আগে নার্ভাসনেসে ভোগেন বিশ্বের প্রায় সব ব্যাটসম্যান। বাবর আজমও এর ব্যতিক্রম নন। তারও এই সময়টায় নিজেকে শান্ত রাখা কঠিন হয়ে পড়ে। আর এজন্য তিনি একটা ভালো সমাধান বের করেছেন। ড্রেসিং রুমে বেশি বেশি কথা বললে শান্ত থাকা যায় বলে মনে করেন তিনি। নিজেকে শান্ত রাখার উপায় বলতে গিয়ে বাবর বলছিলেন, ‘ব্যাট করতে যাওয়ার আগে আমি সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে কথা বলি, এটি আমাকে শান্ত থাকতে সহায়তা করে। ড্রেসিং রুমে আমি লম্বা সময় চুপ থাকতে পারি না, বিশেষ করে আমার ব্যাটিংয়ের আগে।’তিন সংস্করণেই ধারাবাহিকতা দিয়ে নিজেকে সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন হিসেবে মেলে ধরেছেন বাবর। এগিয়ে চলার পথে বাবর বেশি জোর দিচ্ছেন মনস্তাত্ত্বিক উন্নতির দিকটিতেই, ‘গ্রেট ক্রিকেটার সে, যে চাপের মুহূর্তে মনোযোগ ধরে রাখতে পারে। খেলাটির মানসিক দিকে উন্নতি করা নিয়ে আমি অনেক পরিশ্রম করছি কারণ আমি মনে করি, এটিই সাফল্যের চাবিকাঠি।’
