বিতর্ক চলাকালে পেন্সের মাথায় মাছি ভিডিও ভাইরাল

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২১:৩৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বড় দুই দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের মুখোমুখি বিতর্কে করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে যে পরিমাণ আলোচনা হয়েছে তাতে একটি মাছির উপস্থিতিকে কোনোভাবেই অবজ্ঞা করার সুযোগ ছিল না টেলিভিশন দর্শকদের।

বুধবার মাইক পেন্স ও কমলা হ্যারিসের লাইভ টিভি বিতর্কে বেশ কিছু সময় মাছিটি দর্শকদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

উড়তে থাকা ঐ মাছিটি খানিকক্ষণ জিরিয়ে নিয়েছিল পেন্সের মাথায়। ফিটফাট সুবিন্যস্ত চুলের মার্কিন ভাইস প্রেসিডেন্ট অবশ্য তার মাথার ডানদিকে মাছির উপস্থিতি টের পেয়েও কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাননি। উড়ে যাওয়ার আগে সামান্য নড়াচড়া ছাড়া বেশির ভাগ সময় মাছিটি পেন্সের ধবধবে সাদা চুলে বসেই ছিল।

স্থানীয় এক টিভির প্রতিবেদক পেন্সের মাথায় মাছিটি কতক্ষণ বসেছিল, তা বেরও করেছেন ২ মিনিট ৩ সেকেন্ড। দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে সাধারণ এক বিতর্কে উপস্থিত হয়ে মাছিটি সামাজিক যোগাযোগমাধ্যমে তারকা হয়ে ওঠে বলে জানিয়েছে সিএনএন।

ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকেও টুইটারে একটি মাছি তাড়ানো লাঠি ধরে রাখার ছবি পোস্ট করতে দেখা গেছে আর তাতে ৫ লাখেরও বেশি লাইক পড়েছে বলে বিবিসি জানিয়েছ। ট্রাম্পের মিত্র কেন্টাকির সিনেটর পল র্যান্ড কৌতুক করে বলেছেন, মাছিটি গোপন রাষ্ট্রযন্ত্রের গোয়েন্দাগিরির প্রমাণ। তবে কেন এ বিতর্কে সে হাজির হয়েছিল, মঞ্চ ছেড়ে যাওয়া মাছিটির মুখ থেকে এ বিষয়ে কিছু জানা যায়নি।