নারায়ণগঞ্জের বন্দরে শাহীন আহমেদ নামে এক বাবুর্চিকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে মোটরসাইকেল ও মোবাইল ফোনসেট ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। বুধবার গভীর রাতে বন্দরের তালতলা লক্ষণখোলা এলাকায় এ ঘটনা ঘটে। শাহীন পিরোজপুরের বালিপাড়া গ্রামের মৃত সুলতান মাতবরের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, রাত ১টার দিকে টহলরত পুলিশ হাত পা বাঁধা রক্তাক্ত অবস্থায় শাহীনের লাশ উদ্ধার করে। দুর্বৃত্তরা রশি দিয়ে গতিরোধ করে মোটরসাইকেল, মোবাইল ফোনসেট ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় ধস্তাধস্তির কারণে শাহীন জখম হয়। হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায়। বন্দর থানার ওসি ফখরুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ছিনতাইকারীদের গ্র্রেফতারের জন্য চিরুনি অভিযান শুরু করেছে।
