মাস্ক কেলেঙ্কারি :দুই কর্মকর্তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২১:৫৪

নকল ‘এন-৯৫’ মাস্ক সরবরাহের অভিযোগে দুদকের মামলায় কেন্দ্রীয় ঔষধাগারের দুই কর্মকর্তাকে তিন সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আসামিদের জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। আবেদনের পক্ষে আইনজীবী এএফএম মেজবাহ উদ্দিন ও দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান শুনানি করেন। দুদক কৌঁসুলি জানান, সিএমএসডির উপপরিচালক ডা. জাকির হোসেন ও সিনিয়র স্টোর কিপার ইউসুফ ফকির আগাম জামিন চাইলে আদালত তাদের তিন সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। নকল মাস্ক সরবরাহের অভিযোগে গত ২৯ সেপ্টেম্বর সাত জনকে আসামি করে মামলা করে দুদক।