প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আসন্ন শীতে কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর দ্বিতীয় ধাক্কা আসতে পারে। তা কার্যকরভাবে মোকাবিলা করতে দেশের প্রত্যেক জেলা হাসপাতালে আইসিইউ নির্মাণ থেকে শুরু করে অক্সিজেনের ব্যবস্থাসহ তাত্ক্ষণিক সব চিকিত্সার সেবার ব্যবস্থা নিচ্ছে সরকার। গতকাল বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিশোরগঞ্জের তিন হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের মধ্যে নবনির্মিত অল-ওয়েদার সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
৮৭৪ দশমিক ০৮ কোটি টাকা ব্যয়ে ২৯ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এ ব্যয়ে সড়ক নির্মাণ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর।
এ সড়ক প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মুজিববর্ষে মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে এটি উপহার হিসেবে দিয়েছি।’ এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে এমন সড়ক তৈরির উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা তার (রাষ্ট্রপতির) অনুপ্রেরণা ও উদ্যোগের কারণে রাস্তাটি নির্মাণ করতে সক্ষম হয়েছি।’ এ অঞ্চলে এ জাতীয় মহাসড়ক নির্মিত হতে পারে এটা কল্পনার বাইরে ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘রাষ্ট্রপতির উদ্যোগের কারণে এটি সম্ভব হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপন হওয়ায় এই সড়কটি নির্মাণের কারণে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ দূর হয়ে যাবে। এ অঞ্চলের মানুষ এখন নাসিরনগর বা ভৈরব হয়ে দ্রুত ঢাকা যাতায়াত করতে পারবেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এই সড়ক নির্মাণ করে দুর্দান্ত যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে সক্ষম হয়েছি। পণ্য পরিবহন ও মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে বর্তমান সরকার সারা দেশে যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।’
অনুষ্ঠানে মহাসড়কটির ওপর একটি ভিডিও চিত্রও প্রদর্শিত হয়। ভিডিওতে হাওর ও সড়কের সৌন্দর্যে অভিভূত হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ইশ! কবে যে সড়কটি দেখতে যাব। আমার মনটা পড়ে থাকল। এ সড়ক দিয়ে গাড়িতে কবে যাব? রাষ্ট্রপতিও চান আমি যেন সরাসরি যাই। আমি যাব। করোনা পরিস্থিতি উন্নতি হলে এ সড়ক দেখতে যাব।’
প্রধানমন্ত্রী বলেন, এই এলাকায় একটা কথা প্রচলিতই ছিল যে—বর্ষায় নাও, শুকনায় পাও। এখন আর শুধু দুই পায়ে হাঁটতে হবে না। এখন গাড়ি ঘোড়া সবই চলবে, সেই ব্যবস্থা করা হয়েছে।
শিশু-কিশোরদের করোনা থেকে বাঁচাতে তাদের খেলাধুলা করা এবং রোদের সংস্পর্শে আসার পরামর্শ দেন শেখ হাসিনা। তিনি বলেন, করোনা জয় করেই তার সরকার এগিয়ে যাবে।
গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাগত বক্তৃতা করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। কিশোরগঞ্জের মিঠামইন প্রান্তে ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।
প্রসঙ্গত, অল-ওয়েদার সড়ক নির্মিত হওয়ায় হাওরের সৌন্দর্য উপভোগ করতে প্রায় প্রতিদিন হাজার হাজার পর্যটকের সেখানে সমাগম হচ্ছে। হাওরের বিশাল জলরাশির মাঝখানে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক আকর্ষণীয় পর্যটনস্থলে পরিণত হয়েছে।
