অ্যাটর্নি জেনারেল হলেন এ এম আমিন উদ্দিন

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২২:২০

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি তাকে এ পদে নিয়োগ দেন। এরপরই নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এ এম আমিন উদ্দিন বর্তমানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন থাকা অবস্থায় গত ২৭ সেপ্টেম্বর মারা যান অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। এরপর অ্যাটর্নি জেনারেল হিসেবে তার স্থলাভিষিক্ত হলেন অ্যাডভোকেট আমিন উদ্দিন। গত এক দশক ধরে তিনি সংবিধান, আইন, কোম্পানি ম্যাটারসহ বিভিন্ন মামলা পরিচালনা করেছেন। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় তিনি              আদালতের আহ্বানে অ্যামিকাস কিউরি হিসেবে গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আমিন উদ্দিন এর আগে দুই মেয়াদে সমিতির সম্পাদক ছিলেন। ২০১৯-২০ মেয়াদে তিনি সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হন। সর্বশেষ ২০২০-২১ মেয়াদে তিনি সমিতির সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জুনিয়র হিসেবে কাজ করেছেন। আমিন উদ্দিন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি তিন দশক ধরে সর্বোচ্চ আদালতে আইনজীবী হিসেবে কাজ করে আসছেন। ১৯৮৯ সালের ২৮ অক্টোবর তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।