বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে মেডিক্যাল কোর (হেলথকেয়ার ম্যানেজম্যান্ট) থেকে প্রথম নারী ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন নাজমা বেগম। সেনাবাহিনীতে তিনিই সর্বপ্রথম নারী কর্মকর্তা, যিনি ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক হিসেবে নিযুক্ত হন।
গতকাল বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, তিনি জাতিসংঘের ইতিহাসে সর্বপ্রথম নারী কনটিনজেন্ট কমান্ডার হিসেবে দুই বার জাতিসংঘের লেভেল-২ হাসপাতাল কমান্ড করেন। দুই বার মিশন অ্যারিয়ায় কান্ট্রি সিনিয়রের দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরিকালীন তিনি দু’টি (বিএএফ বেস জহুর এবং বেস বাশার) মেডিক্যাল স্কোয়াড্রন কমান্ড করেন।
উল্লেখ্য, ২০১৬ এবং ২০১৯ সালের জন্য তিনি ‘মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট’ পুরস্কারের জন্য মনোনীত হন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগমের অবদানের কথা উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেছেন মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে নিযুক্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত।
